আবারও হাসপাতালে আমিন হুদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমিন হুদা
আমিন হুদা

হাসপাতাল থেকে কারাগারে পাঠানোর মাত্র দেড় মাসের মাথায় আবারও ইয়াবা ব্যবসায়ী আমিন হুদাকে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত বৃহস্পতিবার মধ্যরাতে তাঁকে বারডেম হাসপাতালে পাঠানো হয়েছে বলে কারাগার সূত্রে জানা গেছে। অবশ্য ঢাকা কেন্দ্রীয় কারাগারের চিকিৎসক বিপ্লব কান্তি বিশ্বাস প্রথম আলোকে বলেন, ঊর্ধ্বতনদের নির্দেশে তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে।

আমিন হুদার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে বিপ্লব কান্তি বিশ্বাস প্রথম আলোকে বলেন, ‘কারাগারে যারা থাকে, কেউই সুস্থ না।’ বারডেমে কেন, সেখানে তো কয়েদিদের ভর্তির নিয়ম নেই—এই প্রশ্নের জবাবে বিপ্লব কান্তি বলেন, ‘যখনই কেউ ঢাকা মেডিকেল বা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে থাকবেন, বুঝতে হবে এটা ঊর্ধ্বতনদের ইচ্ছা।’ কিছুদিন আগেই তো আমিন হুদাকে হাসপাতাল থেকে কারাগারে নেওয়া হলো, তাহলে আবার কেন হাসপাতালে আনা হলো, জানতে চাইলে এই চিকিৎসক বলেন, ‘সবই ঊর্ধ্বতনদের ইচ্ছা।’

বারডেম হাসপাতাল থেকে জানা গেছে, গতবারের মতো এবারও আমিন হুদাকে নয়তলার ৯০১ নম্বর ভিআইপি কেবিনে ভর্তি করা হয়েছে।

গতবার ‘কোমর ব্যথা’ নিয়ে ভর্তি হয়ে টানা ১৮ মাস হাসপাতালে কাটিয়েছিলেন ইয়াবা ব্যবসায়ী আমিন হুদা। যদিও কারা কর্তৃপক্ষের কাগজপত্রে এই রোগীর ‘বুকে ব্যথা’র কথা বলা হয়েছিল।

বারডেম হাসপাতালে কারাবন্দীদের রাখার নিয়ম নেই। কিন্তু মাসের পর মাস সেখানে এসে থাকেন সাজাপ্রাপ্ত এই আসামি। বারডেম হাসপাতালের ৬, ৮, ৯ ও ১৫ তলার বিভিন্ন কক্ষে ঘুরেফিরে থেকেছেন তিনি।

জানতে চাইলে জ্যেষ্ঠ জেল সুপার মো. জাহাঙ্গীর কবির প্রথম আলোকে বলেন, আমিন হুদা অসুস্থ। ঈদের মধ্যে যদি কিছু হয়—এই আশঙ্কার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঈদের পর তাঁকে আবার কারাগারে আনা হবে।

আমিন হুদাকে ২০০৭ সালের ২৪ অক্টোবর গুলশানের একটি বাড়ি থেকে ৩০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী গুলশানের আরেকটি বাসা থেকে ১৩৮ বোতল মদ, ১ লাখ ৩০ হাজার ইয়াবা এবং ইয়াবা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। ওই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের দুটি মামলায় তাঁর মোট ৭৯ বছরের কারাদণ্ড হয়।