আবারও ১০ দিনের রিমান্ডে মান্না

এক মামলায় ১০ দিনের রিমান্ড শেষে রাষ্ট্রদ্রোহের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আবারও রিমান্ডে আনা হলো নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে। গুলশান থানার পরিদর্শক (তদন্ত) ফিরোজ আহমেদ গতকাল শনিবার বিকেলে তাঁকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানালে ঢাকা মহানগর হাকিম আতাউল হক তা মঞ্জুর করেন। এর আগে সেনা বিদ্রোহে উসকানি দেওয়ার অভিযোগে একটি মামলায় ২৫ ফেব্রুয়ারি থেকে ১০ দিনের রিমান্ডে নিয়ে পুলিশ মান্নাকে জিজ্ঞাসাবাদ করে।
পুলিশের ভাষ্যমতে, গত ২৪ ফেব্রুয়ারি রাতে ধানমন্ডির স্টার কাবারের সামনে থেকে মাহমুদুর রহমান মান্নাকে আটক করে র্যা ব। মান্নার পরিবার দাবি করে, এক দিন আগেই তাঁকে এক আত্মীয়ের বাড়ি থেকে তুলে নেওয়া হয়। পরদিন তাঁকে গুলশান থানায় দায়ের করা সশস্ত্র বাহিনীর সদস্যদের বিদ্রোহের উসকানি দেওয়ার মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ডে আনা হয়। ২৫ ফেব্রুয়ারি থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাঁকে জিজ্ঞাসাবাদ করে।