আবারও ২০ লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুচরা ব্যবসায়ীদের পাইকারি চিনির সঙ্গে সরিষার তেল কিনতে বাধ্য করায় চট্টগ্রামের খাতুনগঞ্জে মীর আহমেদ সওদাগর ট্রেডার্সের বিক্রয় ব্যবস্থাপক জানে আলমকে ২০ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই ঘটনায় তাদের অঙ্গপ্রতিষ্ঠান ইবনাত ট্রেডার্সের মালিক মীর মোহাম্মদ হোসাইনকে এক মাসের কারাদণ্ড, এক লাখ টাকা জরিমানা এবং ওই প্রতিষ্ঠানের দুই কর্মচারী কাঞ্চন মজুমদার ও আবুল কাশেমকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

মীর আহমেদ সওদাগর ট্রেডার্সের ব্যবস্থাপনা পরিচালক আবদুস সালামের ছোট ভাই হলেন ইবনাত ট্রেডার্সের মীর মোহাম্মদ হোসাইন। এর আগে পাইকারি চিনির বাজারে কারসাজি করায় আবদুস সালাম ও ব্যবস্থাপক জানে আলমকে মোট ২০ লাখ টাকা জরিমানা করেছিলেন ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী হাকিম তাহমিলুর রহমান। এ সময় ক্যাবের প্রতিনিধি তৌহিদুল ইসলামসহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। নির্বাহী হাকিম তাহমিলুর রহমান সাংবাদিকদের বলেন, পাইকারিতে অতি মুনাফা করার জন্য এর আগে অভিযান চালিয়ে মীর গ্রুপের মালিককে জরিমানা করা হয়েছিল। তাঁরা সেই ক্ষতি পুষিয়ে নিতে তাদের আরেকটি প্রতিষ্ঠান ইবনাত ট্রেডার্সের মাধ্যমে এক সপ্তাহ ধরে চিনির সঙ্গে খুচরা ব্যবসায়ীদের সরিষার তেল কিনতে বাধ্য করছিলেন। এই সরিষার তেলও তাদের নিজেদের পণ্য। চিনির চাহিদাকে পুঁজি করে এটি অতি মুনাফা করার আরেকটি পন্থা বলে জানান তিনি।

জেলা প্রশাসন সূত্র জানায়, চিনির সঙ্গে সরিষার তেল কিনতে বাধ্য করা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে আজ বেলা সাড়ে ১১টার দিকে খাতুনগঞ্জের ইবনাত ট্রেডার্সে অভিযান শুরু করেন ভ্রাম্যমাণ আদালত। প্রতিষ্ঠানটির সামনে চিনির জন্য অপেক্ষায় থাকা খুচরা ব্যবসায়ীদের জিজ্ঞাসাবাদ করে এই অভিযোগের সত্যতা পান ভ্রাম্যমাণ আদালত। ২৫০ কেজি চিনির সঙ্গে ব্যবসায়ীদের দুই টিন (৩২ লিটার) সরিষার তেল কিনতে বাধ্য করা হচ্ছিল। কেউ তেল কিনতে না চাইলে তাঁকে চিনিও দেওয়া হচ্ছিল না।
অভিযান শেষে প্রতিষ্ঠানটির কর্মচারী কাঞ্চন মজুমদার ও মীর গ্রুপের বিক্রয় ব্যবস্থাপক জানে আলমকে আটক করে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পরে খবর পেয়ে প্রতিষ্ঠানটির মালিক মীর মোহাম্মদ হোসাইন ও কর্মচারী আবুল কাশেম জেলা প্রশাসকের কার্যালয়ে আসেন। ওই সময় প্রতিষ্ঠানটির কর্মচারী কাঞ্চন মজুমদার ভ্রাম্যমাণ আদালতকে জানান, মালিকের নির্দেশনা অনুযায়ী তাঁরা চিনির সঙ্গে তেল কিনতে খুচরা ব্যবসায়ীদের বাধ্য করছিলেন। পরে শুনানি শেষে ভ্রাম্যমাণ আদালত তাঁদের অপরাধের সাজা দেন।

জেলা প্রশাসকের কার্যালয়ে ইবনাত ট্রেডার্সের মালিক মীর মোহাম্মদ হোসাইন সাংবাদিকদের কাছে দাবি করেন, প্রতিষ্ঠানটি ছয় মাস আগে প্রতিষ্ঠা করা হয়েছে। দুই মাস ধরে ইবনাত নামে সরিষার তেল বাজারজাত করা হচ্ছে। নতুন ব্র্যান্ড হওয়ায় কর্মচারীদের বলা হয়েছিল, তাঁরা যেন চিনির সঙ্গে খুচরা ব্যবসায়ীদের সরিষার তেল কিনতে অনুরোধ করেন। কিন্তু জোর করে বিক্রির কোনো নির্দেশনা দেওয়া হয়নি।

নির্বাহী হাকিম তাহমিলুর রহমান এ বিষয়ে বলেন, খুচরা ব্যবসায়ীদের বাধ্য হয়ে ১৪০০ টাকা দিয়ে ৩২ লিটার ইবনাত ব্র্যান্ডের তেল কিনতে হচ্ছিল। গত সাত দিনে এভাবে ইবনাত ট্রেডার্স ৫৬ হাজার লিটার সরিষার তেল বিক্রি করেছে।

চিনির চাহিদাকে পুঁজি করে এ ধরনের ব্যবসা করার বিষয়ে জানতে চাইলে খাতুনগঞ্জ ট্রেড অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ছৈয়দ ছগীর আহমেদ বলেন, এটি ঠিক হয়নি। জিম্মি করে কোনো ব্যবসায়ীকে নির্দিষ্ট পণ্য কিনতে বাধ্য করাটা অনুচিত।