আবারও ৯০ ছাত্রী আক্রান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা একাডেমিসহ দুটি উচ্চবিদ্যালয়ের ৯০ জন ছাত্রী গতকাল শনিবার হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গত বৃহস্পতিবারও তেওতা একাডেমির ৬৫ জন ছাত্রী একইভাবে হঠাৎ অসুস্থ হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বৃহস্পতিবার রাতে সুস্থ হয়ে তাদের বেশির ভাগই বাড়ি চলে যায়। তাদের কয়েকজন গতকালও অসুস্থ হয়ে পড়ে। রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইবিসিআর) বৈজ্ঞানিক কর্মকর্তা খালেদা ইয়াসমিনের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল গতকাল হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছে। খালেদা ইয়াসমিন জানান, আজকের (শনিবার) অসুস্থতা গত বৃহস্পতিবারের ধারাবাহিকতা। এই রোগের কারণ অনুসন্ধানে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে।মানিকগঞ্জের সিভিল সার্জন সিদ্ধেশ্বর মজুমদার জানান, এটি গণমনস্তাত্ত্বিক অসুস্থতা। অসুস্থ ব্যক্তিদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।স্বাস্থ্য কমপ্লেক্স ও শিক্ষকেরা জানান, গতকাল বেলা ১১টার দিকে হঠাৎ কয়েকজন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। এ সময় তাদের বমি ও পেট ব্যথা হতে থাকে। এর কিছুক্ষণের মধ্যে আরও বেশ কয়েকজন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। ওই বিদ্যালয়ের ৩৫ জন ছাত্রীকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। একই উপসর্গ নিয়ে পাশের ষাটঘর-তেওতা উচ্চবিদ্যালয়ের আরও ৫৫ জন ছাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল হালিম মোল্লা বলেন, গতকাল সন্ধ্যা সাতটা পর্যন্ত ৯০ জন ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে বেশ কয়েকজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।