আবাসন ও নিরাপত্তা সমস্যা, রাতে ছাত্রীদের বিক্ষোভ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্রী হলের বর্ধিত অংশে আবাসন ও নিরাপত্তাজনিত সমস্যার সমাধানের দাবিতে ছাত্রীরা গত শনিবার রাতে বিক্ষোভ করেছেন।
বিশ্ববিদ্যালয়ের শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের সম্প্রসারিত অংশ ‘চাষি ভবন’। এ ভবনটির অবস্থান ক্যাম্পাসের দক্ষিণ দিকে, একেবারে শেষ প্রান্তে। শনিবার রাতে সেখানে গিয়ে দেখা যায়, ৯০ জনের মতো ছাত্রী বিক্ষোভ করছেন।
ছাত্রীরা অভিযোগ করেন, প্রায়ই ওই ভবনে পানি থাকে না। এ ছাড়া ভবনের চারপাশের প্রাচীর নিচু হওয়ায় ব্যস্ত রাস্তায় চলাচলকারীরা হলের ভেতরে ছাত্রীদের চলাফেরা দেখতে পান। রাতে বাইরে থেকে হলের জানালায় ঢিল মারা হয়। আবাসন সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত না করেই সদ্য ভর্তি হওয়া প্রথম বর্ষের ছাত্রীদের জন্য ভবনটি নির্বাচন করেছে প্রশাসন।
ছাত্রীরা অভিযোগ করে আরও বলেন, অভিযোগ জানাতে প্রাধ্যক্ষ মহিউদ্দিন আহমেদকে ফোন দিলেও ফোন তোলেন না। উল্টো অশোভন আচরণ করেন। তিনি ছাত্রীদের পাশের ছাত্র হলগুলো থেকে পানি আনার পরামর্শ দেন। নিরাপত্তার সমস্যার বিষয়ে প্রাধ্যক্ষ ছাত্রীদের বলেন, বাড়িতে থাকলেও তো তাঁদের এ সমস্যা হতে পারত।
হলের প্রাধ্যক্ষ এবং এনাটমি ও হিস্টোলোজি বিভাগের শিক্ষক মহিউদ্দিন বলেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়। তিনি এ বিষয়ে আর কিছু বলতে চাননি।