পরিবহন ও আবাসন-সংকটে কুষ্টিয়া শহরের কুষ্টিয়া সরকারি কলেজের শিক্ষার্থীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। এতে দূরের এলাকার শিক্ষার্থীদের বাইরে অতিরিক্ত ভাড়া দিয়ে মেসে থাকতে হচ্ছে। সেই সঙ্গে প্রতিবছর শিক্ষার্থীদের কাছ থেকে পরিবহন ভাড়া নেওয়া হলেও কলেজের নিজস্ব কোনো পরিবহন ব্যবস্থা নেই, নেই ক্যানটিন সুবিধাও।
কলেজ সূত্রে জানা যায়, শহরের কোর্টপাড়া এলাকায় ১৯৪৭ সালে কলেজটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটিতে ১৭টি বিষয়ে স্নাতক ও ১৫টি বিষয়ে স্নাতকোত্তর চালু আছে। ২৫ হাজারের বেশি শিক্ষার্থীর এই কলেজে দুটি ছাত্রাবাস আছে। এর মধ্যে জিয়াউর রহমান নামের ছাত্রাবাসের আসনসংখ্যা ১০০ ও বেগম খালেদা জিয়া নামে ছাত্রীনিবাসে আসনসংখ্যা ৮৯। এর মধ্যে ছাত্রীদের জন্য আসন ৬৪টি, বাকি ২৫ জনের জন্য একসঙ্গে থাকার ব্যবস্থা (গণকক্ষ)।
শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, অনেক শিক্ষার্থী কুষ্টিয়াসহ আশপাশের জেলা থেকে এখানে ভর্তি হয়। বাইরে থেকে আসা বেশির ভাগ শিক্ষার্থী ছাত্রাবাসে থাকার সুযোগ না পেয়ে মেস, আত্মীয়স্বজনের বাসা কিংবা লজিং থাকেন। এতে অনেকের থাকা-খাওয়ার জন্য প্রতি মাসে সাড়ে তিন থেকে চার হাজার টাকা করে খরচ হচ্ছে।
বাংলা বিভাগের ছাত্রী রজনী চৌধুরী বলেন, কলেজে শিক্ষার্থীদের প্রায় অর্ধেকই ছাত্রী। বেশির ভাগ ছাত্রী আশপাশের এলাকায় বেশি টাকা দিয়ে ঘর ভাড়া নিয়ে থাকেন। অনেক দরিদ্র শিক্ষার্থী অর্থাভাবে ঘর ভাড়া করে থাকতে না পেরে উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন।
কয়েকজন শিক্ষার্থী আরও জানান, তাঁদের কাছ থেকে প্রতিবছর ফরম পূরণের সময় পরিবহনসেবার জন্য ৫০ টাকা, ক্যানটিনের জন্য ৫০ টাকা করে নেওয়া হয়। সে হিসাবে বছরে পরিবহন ও ক্যানটিন খাতে গড়ে ২৫ লাখ টাকা নেওয়া হচ্ছে। কিন্তু তাঁরা পরিবহন বা ক্যানটিন-সেবা পান না। ফলে তাঁরা একদিকে কলেজে টাকা দিচ্ছেন। আবার সারা বছর কলেজে আসা-যাওয়া বাবদ তাঁদের বাড়তি খরচও করতে হচ্ছে। অনেকে শহর থেকে ১৫ বা ২০ কিলোমিটার দূরে থাকেন। তাঁদের প্রতিদিন আসা-যাওয়ায় গড়ে ৬০ থেকে ৭০ টাকা খরচ হয়।
প্রাণিবিদ্যা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মুর্শিদা খাতুন আসেন কলেজ থেকে ১৮ কিলোমিটার দূরের মিরপুর উপজেলা থেকে। তিনি বলেন, কাছাকাছি উপজেলাগুলোতে বাস থাকলে একজন শিক্ষার্থীর মাসে অন্তত দেড় থেকে দুই হাজার টাকা সাশ্রয় হতো।
কলেজের শিক্ষার্থী জাহাঙ্গীর আলম বলেন, ছাত্রাবাস ও ছাত্রীনিবাস-সংকটের সমাধান না হওয়ায় অনেকেই হতাশ।
অভিযোগের ব্যাপারে জানতে চাইলে অধ্যক্ষ বদরুদ্দোজা বলেন, ‘আমি যোগ দেওয়ার পর একাডেমিক উন্নয়নসহ বেশ কিছু উন্নয়ন প্রকল্পের কাজ শেষ হয়েছে। ছাত্রীদের জন্য আরেকটি ছাত্রীনিবাস নির্মাণ করা হচ্ছে। পরিবহন খাতের জন্য নেওয়া টাকা শিক্ষক ও কর্মচারীদের দপ্তরের প্রয়োজনে যাতায়াতে খরচ করা হয়।’