বাংলাদেশের ভেতরে থাকা ভারতের ছিটমহলগুলোর বাসিন্দাদের জন্য পুনর্বাসন প্যাকেজ ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। এর আওতায় প্রতিটি পরিবারকে বাড়ি ও পাঁচ লাখ রুপিসহ নানা সুবিধা দেওয়া হবে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে দেওয়া এক চিঠিতে এ ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের সময় ৬ জুন দুই দেশের মধ্যে স্থলসীমান্ত চুক্তি অনুস্বাক্ষরের দলিল হস্তান্তর করা হয়। ছিটমহলবাসীদের স্থানান্তর প্রক্রিয়া ৩১ জুলাই রাত থেকে শুরু হবে। চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।
মোদির ঢাকা সফরের আগেই ৩ জুন পশ্চিমবঙ্গ সরকারকে চিঠির মাধ্যমে পুনর্বাসন প্যাকেজের কথা জানিয়ে দেয় কেন্দ্র। ওই চিঠি মোতাবেক, বাংলাদেশের ভেতরে থাকা ছিটমহলগুলোর যেসব বাসিন্দা ভারতে ফিরে যাবে, প্রাথমিকভাবে তাদের ক্যাম্পে রাখা হবে। কিন্তু পরবর্তী সময়ে প্রতিটি পরিবারকে দেওয়া হবে একটি করে বসতবাড়ি বা ফ্ল্যাট। চারতলাবিশিষ্ট বাড়িতে পরিবারপিছু পাবে ৯৫০ বর্গফুটের একটি করে আবাসন। এ ছাড়া পরিবারের প্রত্যেক সদস্য তিন মাস পাবে রেশন। দেওয়া হবে গৃহস্থালির বাসনপত্র এবং গবাদিপশুও।
এসব সুযোগ-সুবিধা ছাড়াও পরিবারপিছু পাঁচ লাখ রুপি দেওয়া হবে বলে ওই চিঠিতে জানানো হয়েছে। এতে বলা হয়েছে, এই পাঁচ লাখ রুপি দেওয়া হবে ব্যাংকে স্থায়ী আমানত হিসাবে জমা রাখতে। দুই বছর দেওয়া হবে শুকনা খাবার এবং গবাদিপশুর খাদ্যও। যত দিন পর্যন্ত না ছিটমহলবাসীদের স্থায়ী পুনর্বাসন করা হচ্ছে, তত দিন পর্যন্ত কেন্দ্র তাদের বিভিন্ন সাহায্য দেবে। কোচবিহারের অস্থায়ী ক্যাম্পে রাখার সময় তাদের মৌলিক সেবা নিশ্চিত করা হবে। পুনর্বাসন প্যাকেজ বাস্তবায়নে কেন্দ্রীয় সরকারের খরচ হবে ১ হাজার ৭৫৯ কোটি রুপি।
পুনর্বাসন প্যাকেজ সম্পূর্ণ করতে কেন্দ্র পশ্চিমবঙ্গ সরকারকে সময়সীমাও বেঁধে দিয়েছে। কেন্দ্র বলেছে, আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে রাজ্য সরকারকে পুনর্বাসন প্যাকেজ সম্পূর্ণ করতে হবে।
ছিটমহলের বাসিন্দাদের স্থানান্তর প্রক্রিয়া নিয়ে গতকাল বুধবার এই প্রতিবেকদের কথা হয় ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সহসম্পাদক দীপ্তিমান সেনগুপ্তর সঙ্গে। তিনি বলেন, ভারতের ভেতরে থাকা ৫১টি বাংলাদেশি ছিটমহলের ১৪ হাজার ২১৫ বাসিন্দার কেউই দেশে ফিরছে না। বাংলাদেশের ভেতরে থাকা ১১১টি ভারতীয় ছিটমহলের ৩৭ হাজার ৩৬৯ বাসিন্দার মধ্যে মাত্র দেড় হাজার ভারতে ফিরতে পারে।