শিক্ষার্থীদের আবাসন সমস্যার সমাধান, ক্যাম্পাসে ওয়াইফাই সুবিধা চালুসহ আট দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। গতকাল সোমবার দুপুরে ক্যাম্পাসে প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বেলা ১১টার দিকে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ক্যাম্পাসে একাডেমিক ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শিক্ষার্থীরা দাবি বাস্তবায়নে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান ধর্মঘট পালন করেন।
শিক্ষার্থীরা বলেন, প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হলেও ক্যাম্পাসে ওয়াইফাই-সুবিধা নেই। সমস্যা সমাধানে বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলা হলেও কোনো কাজ হয়নি। তাই বাধ্য হয়ে তাঁরা আন্দোলনে নেমেছেন।
শিক্ষার্থীদের কর্মসূচি চলাকালে উপাচার্য বরাবর স্মারকলিপি দেওয়া হয় এবং আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আহ্বান জানানো হয়। নইলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে আন্দোলনরত শিক্ষার্থীরা জানান।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নেওয়াজ মো. বাহাদুর প্রথম আলোকে বলেন, এসব দাবি তাঁরা আগেও করেছেন। দাবি বাস্তবায়নে শিগগিরই যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।