আবাসন কোম্পানির লোকজনের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে গুলিবিদ্ধ ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় আবাসন কোম্পানির লোকজনের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। আনসার সদস্যদের ছোড়া গুলিতে নারীসহ চারজন গুলিবিদ্ধ হন। এ সময় স্থানীয় জনতা ভুলুয়া রয়েল সিটির লোকজনের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের বাড়িয়াছনি এলাকায় এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান খান জানান, উপজেলার বাড়িয়াছনি এলাকায় আবাসন কোম্পানি আশিয়ান সিটি ও ভুলুয়া রয়েল সিটি নামের দুটি প্রজেক্ট রয়েছে। এই প্রজেক্টের জমি নিয়ে আবাসন কোম্পানি দুটির মধ্যে পূর্ববিরোধ ছিল। গতকাল বেলা একটার দিকে ভুলুয়া রয়েল সিটির কর্মকর্তা, আনসার সদস্যসহ মোট ১৪-১৫ জন বালু নদ দিয়ে নৌকাযোগে তাঁদের প্রকল্প এলাকা দেখতে যান। এ সময় আশিয়ান সিটির লোকজন ভুলুয়া রয়েল সিটির লোকজনকে ধাওয়া করেন। ধাওয়া খেয়ে ভুলুয়া সিটির লোকজন নৌকা থেকে নেমে গ্রামের দিকে ছুটে গেলে তাঁদের আশিয়ান সিটির লোক মনে করে স্থানীয় গ্রামবাসী ধাওয়া করেন। এ সময় আত্মরক্ষার্থে ভুলুয়া রয়েল সিটির নিয়োজিত আনসার সদস্যরা সাত-আট রাউন্ড গুলি ছোড়েন। এতে গুলিবিদ্ধ চারজনসহ আহত হন ১০ গ্রামবাসী। গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন—কামাল খন্দকার, মোসলেমা, কাকন ও রোমান। তাঁদের গুরুতর অবস্থায় আশপাশের লোকজন উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।গুলিবিদ্ধ হওয়ার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা ভুলুয়া রয়েল সিটির লোকজনকে লাঠিসোঁটা নিয়ে ধাওয়া করেন এবং ভুলুয়া রয়েল সিটির সাইট অফিস ও দুটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। তাঁরা ভুলুয়া রয়েল সিটির প্রজেক্ট ম্যানেজার মনির হোসেন, ইসমাইল হোসেন, আনসার সদস্য আশিক শেখ, বাবুল সরদার ও প্রদু ভট্টাচার্যকে তিন ঘণ্টা অবরোধ করে রাখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁদের অবরুদ্ধ অবস্থায় অস্ত্রসহ উদ্ধার করে। ওসি আতিকুর রহমান খান আরও জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ব্যাপারে এখন পর্যন্ত কেউ কোনো মামলা করেনি। জমি নিয়ে আবাসন কোম্পানি দুটির বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে তিনি জানান।আবাসন কোম্পানি আশিয়ান সিটি ও ভুলুয়া রয়েল সিটি কোম্পানির লোকজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। নারায়ণগঞ্জের জেলা পুলিশ সুপার শেখ নাজমুল আলম জানান, গুলি ছোড়ার ঘটনায় আটক হওয়া আনসার সদস্যদের বিরুদ্ধে মামলা নেওয়া হবে।