আবাসন খাতে কল্যাণমূলক নীতি প্রণয়নের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবাসন খাতের সমস্যা নিরসনের জন্য ‘কল্যাণমূলক নীতি’ প্রণয়ন করতে হবে। এ নীতি বাস্তবায়নে সরকার একটি কমিটি গঠন করতে পারে, যে কমিটি নিয়ন্ত্রণমূলক ও প্রতিদ্বন্দ্বী না হয়ে সহযোগিতামূলক আচরণ করবে। আর ফ্ল্যাট কেনার জন্য স্বল্প আয়ের মানুষকে সহজ শর্তে ঋণ দিতে হবে।
গতকাল বুধবার দুপুরে চিটাগং ক্লাবের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ‘বাংলাদেশে আবাসন ব্যবসার গতি-প্রকৃতি এবং উন্নয়ন সম্ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে আলোচকেরা এসব কথা বলেন। চট্টগ্রামে রিহ্যাবের আবাসন মেলা উপলক্ষে এ গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। ১৮ জুন চার দিনব্যাপী এ মেলা শুরু হবে।
রিহ্যাব ও প্রথম আলোর যৌথ উদ্যোগে আয়োজিত বৈঠকে সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুচ ছালাম বলেন, এই গোলটেবিল বৈঠকের আলোচনার মাধ্যমে আবাসন খাতের সমস্যা চিহ্নিত করা যাবে, কিন্তু সমাধান করা যাবে না। এর সমাধান করার কৌশল রিহ্যাবকেই খঁুজে বের করতে হবে।
চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম বলেছেন, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন ভবিষ্যতে মানুষকে প্লটের বদলে ফ্ল্যাট দেওয়ার ঘোষণা দিয়েছেন। এটি শুভ উদ্যোগ। এ কাজে রিহ্যাবকে সম্পৃক্ত করা যেতে পারে। মাহবুবুল আলম আরও বলেন, আবাসন খাতের ব্যবসাকে কেন্দ্র করে সিমেন্ট, সিরামিক, লোহার রড, টাইলসসহ অনেকগুলো শিল্প বিকশিত হয়েছে। এসব শিল্পে বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থান হয়েছে। তাই আবাসন খাত বিপর্যস্ত হলে এই শিল্প খাতগুলোতেও বিপর্যয় নেমে আসবে।
এফবিসিসিআইয়ের পরিচালক এম এ সালাম বলেন, দুই কোটি টাকা দামের ফ্ল্যাট কেনার সামর্থ্য খুব কম মানুষের আছে। তাই স্বল্প আয়ের মানুষদের জন্য সাশ্রয়ী দামে ফ্ল্যাট নির্মাণ করতে হবে।
বিজিএমইএর চট্টগ্রাম অঞ্চলের প্রথম সহসভাপতি নাসিরউদ্দিন আহমেদ চৌধুরী বলেন, আমাদের সবার প্রত্যাশা, সুষ্ঠু ও সমন্বিত পরিকল্পনার মাধ্যমে দেশের আবাসনব্যবস্থা গড়ে উঠুক। তবে সরকারের অপেক্ষায় না থেকে রিহ্যাবকে সৃজনশীল উদ্যোগ নিতে হবে।
দৈনিক পূর্বকোণের সম্পাদক স্থপতি তসলিম উদ্দিন চৌধুরী বলেছেন, ফ্ল্যাটের দাম সাধারণ মানুষের ক্রয়সীমার মধ্যে থাকলে আবাসন ব্যবসায় আরও লাভ করা সম্ভব হবে।
দৈনিক আজাদীর ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদ মালেক বলেন, আবাসন ব্যবসায়ী ও গণমাধ্যম যদি একে অপরকে সহযোগিতা না করে, তাহলে এগিয়ে যাওয়া সম্ভব নয়।
রিহ্যাবের ভারপ্রাপ্ত সভাপতি রবিউল হক বলেন, জমির স্বল্পতা আবাসন ব্যবসার প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। আবাসন প্রকল্প গড়ে তোলার জন্য জমির মালিকের পেছনে ঘুরতে ঘুরতে জুতার তলা ক্ষয় হয়ে যায়। শেষ পর্যন্ত যে দামে জমি পাওয়া যায়, তাতে স্বল্প আয়ের মানুষের জন্য ভবন নির্মাণ করা সম্ভব হয় না।
আবাসন ব্যবসায়ী কাজী আইনুল হক বলেন, ‘আমরা উচ্চ-মধ্যবিত্তের জন্য ভবন নির্মাণ করি। সত্যিকারের মধ্যবিত্ত শ্রেণিকে আবাসন খাতে নিয়ে আসতে পারিনি। আমাদের দেশে হাউজিং লোন ১৭ থেকে ২০ শতাংশ। এটি অস্বাভাবিক। এসবের সমাধানে সরকারকে আবাসন খাতের জন্য কল্যাণমূলক নীতি প্রণয়ন করতে হবে।’
স্থপতি সোহায়েল এম শাকুর বলেন, একটি ভবন নির্মাণে ভালো নকশার গুরুত্ব অপরিসীম। কিন্তু আবাসন ব্যবসায়ীরা এ খাতে অনেক কম অর্থ ব্যয় করতে চান।
সচেতন নাগরিক কমিটির সভাপতি প্রকৌশলী দেলোয়ার মজুমদার বলেন, আবাসন সমস্যার প্রধান বাধা জমির স্বল্পতা দূর করতে সরকার খাসজমি, রুগ্ণ শিল্প এলাকার জমি এবং বিভিন্ন সংস্থার অব্যবহৃত জমি অধিগ্রহণ করতে পারে।
গোলটেবিল বৈঠকে বক্তব্য দেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ, চট্টগ্রাম চ্যাপ্টারের চেয়ারম্যান মানজারে খোরশেদ আলম, প্রকৌশলী এম রশিদ, সমাজকর্মী মইনুল ইসলাম মাহমুদ, রিহ্যাবের চট্টগ্রাম অঞ্চলের চেয়ারম্যান প্রকৌশলী এস এম আবু সুফিয়ান ও সাবেক চেয়ারম্যান মো. আবদুল কাইয়ুম চৌধুরী।