আবাসন পরিদপ্তরের কর্মকর্তাসহ চার জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে সরকারি আবাসন পরিদপ্তরের কর্মকর্তাসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা হয়েছে।
মামলার আসামিরা হলেন: চট্টগ্রাম সরকারি আবাসন পরিদপ্তরের উপপরিচালক মোমিনুর রশিদ আমিন, অফিস সহকারী খোকন চন্দ্র ভট্টাচার্য, এমএলএসএস খলিলুর রহমান ও জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের কর্মচারী আজিজুল হক ভুঁইয়া।
গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমানের আদালতে মামলাটি করেন চট্টগ্রাম মুখ্য বিচারিক হাকিম আদালতের সাঁটলিপিকার মো. বদরুদ্দোজা। আদালত অভিযোগ আমলে নিয়ে আগামী ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনারকে নির্দেশ দেন।
১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ও দণ্ডবিধির ৪৬৭, ৪৬৮, ৪২০ ধারায় মামলাটি করা হয়। বাদী অভিযোগে উল্লেখ করেন, ২০০৯ সালের ফেব্রুয়ারি নগরের আগ্রাবাদ সিজিএস কলোনির সিএফ ৩৬/১৫ বাসাটি তাঁর নামে বরাদ্দ দেয় আবাসন পরিদপ্তর। ২০১২ সালের ২৮ আগস্ট তিনি চট্টগ্রামের সন্দ্বীপে বদলি হলে বাসাটি অন্যায়ভাবে দখলে নেন জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের কর্মচারী আজিজুল হক ভুঁইয়া। তাঁকে সহায়তা করছেন আবাসন কার্যালয়ের কতিপয় কর্মচারী। বাসাটি ফিরে পেতে বাদীর কাছে তাঁরা ৫০ হাজার টাকা ঘুষও দাবি করেন।
মামলায় সাতজনকে সাক্ষী রাখা হয়েছে।