আবাসন প্রতিষ্ঠানের কর্মকর্তা খুন
কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে রাজধানীর একটি আবাসন প্রতিষ্ঠানের কর্মকর্তা মোহাম্মদ শাহীন (৪০) খুন হয়েছেন৷ গত শুক্রবার রাতে পুলিশ মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, শাহীন মহাখালীর আবাসন প্রতিষ্ঠান ট্রিনিটি প্রপার্টিজ লিমিটেডের বিপণন কর্মকর্তা ছিলেন। শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে তিনি কর্মস্থল থেকে বেরিয়ে স্ত্রী হোসনে আরাকে ফোন করে বাসায় ফিরছেন বলে জানান। এরপর তিনি আর বাসায় ফিরে আসেননি। তাঁর মুঠোফোনটিও বন্ধ ছিল। রাত সাড়ে নয়টার দিকে মোহাম্মদপুরের নবীনগর হাউজিংয়ের ৬ নম্বর সড়কের বেড়িবাঁধের ঢাল থেকে অজ্ঞাতনামা হিসেবে শাহীনের লাশ উদ্ধার করে পুলিশ।
পরে লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। মাথা, কাঁধসহ শাহীনের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের কোপ ছিল।
গতকাল শনিবার সকালে শাহীনের ভাতিজা জুনায়েদ আহমেদ ঢাকা মেডিকেল কলেজ মর্গে গিয়ে তাঁর মামার লাশ শনাক্ত করেন। এ ঘটনায় শাহীনের স্ত্রী হোসনে আরা বেগম শাহীনের পূর্বপরিচিত আল আমিন ও তাঁর কথিত স্ত্রী সালমাসহ তিনজনের নাম উল্লেখ করে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন। এজাহারে অজ্ঞাতনামা আরও দুজনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় এজাহারভুক্ত আল আমিনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যরা পলাতক আছেন।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক প্রথম আলোকে বলেন, হত্যাকাণ্ডের পেছনে নারীঘটিত বিষয় ও পূর্বশত্রুতা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
শাহীন সপরিবারে ১৮/৬ তাজমহল রোডে থাকতেন। তিনি দুই ছেলে ও এক মেয়ের বাবা। তাঁর গ্রামের বাড়ি কিশোরগঞ্জের খোলাপাড়ায়।