চট্টগ্রাম মুখ্য বিচারিক হাকিম আদালতের জারিকারক (প্রসেস সার্ভার) আজিম উদ্দিনসহ তিনজনকে মারধর করার দায়ে একটি আবাসন প্রতিষ্ঠানের কর্মকর্তাকে আট মাসের কারাদণ্ড দিয়েছেন বাঁশখালীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত। গতকাল রোববার বাঁশখালীর বিচারিক হাকিম সাজ্জাদ হোসেন আসামি এ কে এম ইমতাজুল ইসলামের উপস্থিতিতে এ সাজা দেন। সাজা ঘোষণার পর আসামিকে কারাগারে পাঠানোর জন্য পুলিশে সোপর্দ করা হয়।
বিচারিক হাকিম একই আদেশে আসামিকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড, অনাদায়ে ৫০০ টাকা জরিমানা করেন। এই আসামির বিরুদ্ধে একই ঘটনায় বাঁশখালী থানায় আরেকটি মামলা হয়েছে।
আদালত ও পুলিশ সূত্র জানায়, গত শনিবার বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের ইজ্জতনগর এলাকায় ইমতাজুল ইসলামের কাছে একটি মামলার সমন নিয়ে যান চট্টগ্রাম মুখ্য বিচারিক হাকিম আদালতের কর্মচারী আজিম উদ্দিন। এ সময় আজিম উদ্দিনকে মারধর এবং তাঁর মাথার চুল কেটে দেওয়া হয়। আজিম উদ্দিনের চিৎকার শুনে মোহাম্মদ সাজ্জাদ ও মোহাম্মদ রাসেল নামের দুই ব্যক্তি এগিয়ে এলে তাঁদেরও মারধর করা হয়। সাজ্জাদের চুল কেটে দেওয়া হয়। এরপর তিনজনকে বিবস্ত্র করে রাস্তায় ছেড়ে দেওয়া হয়। পরে পুলিশ তাঁদের উদ্ধার করে।
এ ঘটনায় আজিম উদ্দিন বাঁশখালী আদালতে একটি সিআর মামলা (নম্বর ৩১১/২০১৬) এবং বাঁশখালী থানায় আরেকটি ফৌজদারি মামলা করেন। গতকাল সিআর মামলায় আসামি ইমতাজুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। পরে তিনজনের সাক্ষ্যের ভিত্তিতে ইমতাজুলকে দোষী সাব্যস্ত করে জ্যেষ্ঠ বিচারিক হাকিম সাজ্জাদ হোসেন সাজা দেন।
বাঁশখালী আদালতের বেঞ্চ সহকারী খোন্দকার মোজাম্মেল হোসেন প্রথম আলোকে বলেন, বাঁশখালী থানায় করা সিআর মামলায় আসামি এ কে এম ইমতাজুল ইসলামকে দোষী সাব্যস্ত করে আট মাসের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আসামিকে আরও আট দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি বলেন, মতিঝিল থানায় করা একটি চেক প্রত্যাখ্যানের মামলায় ইমতাজুল ইসলামের বিরুদ্ধে ঢাকা মহানগর হাকিম আদালত থেকে সমন জারি করা হয়। সেই সমন নিয়ে আজিম উদ্দিন তাঁর গ্রামের বাড়িতে যান। আসামি সমন গ্রহণ না আজিম উদ্দিনসহ তিনজনকে মারধর করেন। পরে চুল কেটে বিবস্ত্র করে রাস্তায় ছেড়ে দেন।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, শনিবারের ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে তিনজনকে উদ্ধার করে পুলিশ। জারিকারকের ব্যক্তিগত গাড়িও (প্রাইভেট কার) উদ্ধার করে থানায় আনা হয়েছে। ওসি বলেন, ইমতাজুল ইসলামের সাজা হলেও ফৌজদারি মামলাটি পুলিশ তদন্ত করছে। গাড়িটিও তদন্তের স্বার্থে থানায় রাখা হয়েছে।