আবাসন-সংকট নিরসনের দাবিতে গতকাল রোববার প্রশাসনিক ভবন চার ঘণ্টা অবরোধ করে রাখেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। উপাচার্যের কার্যালয় একই ভবনে হওয়ায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা নেমে আসে।বিশ্ববিদ্যালয় ও আন্দোলনকারী শিক্ষার্থী সূত্রে জানা যায়, গতকাল সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের এম কেরামত আলী হলের ২০০৭-০৮ (চতুর্থ সেমিস্টার) ও ২০০৮-০৯ (তৃতীয় সেমিস্টার) শিক্ষাবর্ষের বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা আবাসন-সংকট নিরসনের দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের প্রধান ফটকে বসে পড়েন এবং ভবনের ভেতরে যাওয়া-আসা বন্ধ করে দেন। আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, তাঁরা দুই বছর ধরে ডাইনিং রুমে মানবেতর জীবন যাপন করছেন। আগামী এক বছরেও এম কেরামত আলী হলের কোনো কক্ষ খালি হবে না। অপরদিকে শেরেবাংলা হলের প্রথম সেমিস্টারের শিক্ষার্থীরা ১৫ দিন পরই ছিট পাবেন, কারণ ওই হলের বড় ভাইয়েরা চলে যাচ্ছেন। বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ছাত্র উপদেষ্টা, এম কেরামত আলী হলের প্রভোস্ট, সহকারী প্রভোস্ট ও জ্যেষ্ঠ শিক্ষকেরা আন্দোলনকারী শিক্ষার্থীদের অবরোধ ভাঙার অনুরোধ করলেও তাঁরা তাঁদের দাবিতে অটল থাকেন।