আবাসন সংকটে শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তীব্র আবাসন সংকটের কারণে রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের শিক্ষার্থীদের লেখাপড়া বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।বিএসএস প্রথম বর্ষের ছাত্রী মীর্জা হানিয়াম মারিয়া বলেন, ‘বাসা অনেক দূরে হওয়ায় কলেজের ছাত্রীনিবাসে থাকি। একজনের বিছানায় দুজন করে থাকি। খেলাধুলার প্রয়োজনীয় কোনো উপকরণ নেই। কর্তৃপক্ষ সুযোগ-সুবিধা না বাড়িয়ে এরপরও এবার ফি বাড়িয়েছে।’ কলেজ সূত্রে জানা গেছে, ১৯৮২ সালে স্থাপিত এই শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই হাজার শিক্ষার্থী পড়াশোনা করছে। এদের মধ্যে সহস্রাধিক শিক্ষার্থী শহরের বাইরে থেকে আসে। এই শিক্ষাপ্রতিষ্ঠানে ২০১১-১২ শিক্ষাবর্ষে সাতটি বিষয়ে স্নাতক সম্মান কোর্স চালু করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। ২০০৩ সালে চারতলাবিশিষ্ট ৮০ শয্যার ‘ওয়াজেদুন নেছা ছাত্রীনিবাস’ নির্মাণ করা হয়। গত রোববার সকালে সরেজমিনে দেখা গেছে, ছাত্রীনিবাসের নিচতলার ডাইনিং রুম ও কিচেন রুমে বেশ কয়েকজন শিক্ষার্থী দাঁড়িয়ে খাবার খাচ্ছেন। এ সময় ছাত্রীনিবাসের ব্যবস্থাপক মানবিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সুইটি মণ্ডল ও দুলারী মণ্ডল জানান, চেয়ার সংকটের কারণে প্রতিদিনই বেশির ভাগ মেয়েকে দাঁড়িয়ে খেতে হয়। অনেকক্ষণ অপেক্ষার পর চেয়ারে বসে খেলে ক্লাসে যেতে দেরি হয়। এ ছাড়া সকাল ও রাতের খাবারের মান খুব খারাপ। চতুর্থ তলায় গিয়ে দেখা গেছে, গোসলখানার দরজাগুলো ভাঙা, মেঝে অপরিচ্ছন্ন ও দেওয়ালের চুনকাম খসে পড়েছে। এ ছাড়া তিনটি বেসিনের মধ্যে দুটি নষ্ট। এ সময় বিএসএস শেষ বর্ষের শিক্ষার্থী সানজিদা ইয়াসমিন বলেন, এখানে গোসল করতে ও হাতমুখ ধুতে খুবই অস্বস্তি লাগে। প্রায়ই বাথরুমের পাইপ ফেটে ময়লা-আবর্জনা ছড়িয়ে নোংরা পরিবেশ সৃষ্টি হয়। বিএসএস প্রথম বর্ষের ছাত্রী শামীমা আক্তার জানান, হোস্টেলে কম্পিউটার ব্যবহার করতে দেওয়া হয় না।ছাত্রীনিবাসের তত্ত্বাবধায়ক মো. আবুল হামিদ খান ও সহকারী তত্ত্বাবধায়ক মুক্তি রানী দাশ জানান, কিছুদিন আগে কম্পিউটারের সংযোগ থেকে আগুন লেগে হোস্টেলের সব তার পুড়ে গেছে। এ জন্য কম্পিউটার ব্যবহার বন্ধ করা হয়েছে।অধ্যক্ষ মো. মাকসুদুর রহমান খান বলেন, ‘আরও পাঁচ শতাধিক শিক্ষার্থী হোস্টেলে থাকতে চায়। অনার্স কোর্স চালু হলে সমস্যা আরও বাড়বে। আমি দুই বছর ধরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করছি কিন্তু হোস্টেল ভবন নির্মাণের ব্যাপারে কোনো বরাদ্দ পাইনি।’