আবাসন-সংকটে ৩৩ হাজার শিক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের গুরুত্বপূর্ণ ছয়টি কলেজ-বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ৪১ হাজার ৫০০। এসব প্রতিষ্ঠানে আবাসন-সুবিধা রয়েছে তিন হাজার ৮৭০ জনের। এ ছাড়া প্রায় পাঁচ হাজার শিক্ষার্থীর সিলেট শহরে নিজস্ব বাসা রয়েছে। বাকি প্রায় ৩৩ হাজার শিক্ষার্থীকে থাকতে হয় বিভিন্ন মেসে।শিক্ষার্থীরা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে প্রয়োজনের তুলনায় ছাত্রাবাস, ছাত্রীনিবাস কম। তা ছাড়া ছাত্রলীগ-শিবির সংঘর্ষের পর দুটি কলেজের ছাত্রাবাস বন্ধ রয়েছে। এতে করে শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: বিশ্ববিদ্যালয়ের প্রায় আট হাজার শিক্ষার্থীর মধ্যে দুই হাজার ৩০০ জন আবাসন-সুবিধা পাচ্ছেন। ছাত্রদের তিনটি হলে প্রায় এক হাজার ২০০ এবং ছাত্রীদের দুটি হলে এক হাজার ১০০ জন থাকছেন। বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী জানান, প্রায় ছয় হাজার শিক্ষার্থীর আবাসন-সুবিধা নেই। তাই বাড়তি টাকা খরচ করে মেসে থেকে পড়াশোনা চালাতে হচ্ছে। মেসে বখাটেদের উৎপাত, গৃহকর্মীর সংকটসহ নানা সমস্যা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ইলিয়াস উদ্দীন বিশ্বাস বলেন, শিক্ষার্থীদের আবাসন-সংকট দূর করতে কর্তৃপক্ষ কয়েকটি হল নির্মাণের পরিকল্পনা নিয়েছে।সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়: বিশ্ববিদ্যালয়ের প্রায় দুই হাজার শিক্ষার্থীর মধ্যে ৯০০ জন আবাসন-সুবিধা পাচ্ছেন। এর মধ্যে চারটি ছাত্রহলে ৭০০ ও দুটি ছাত্রীহলে ২০০ জনের আবাসন-সুবিধা রয়েছে। শিক্ষার্থীদের অভিযোগ, অনেক শিক্ষার্থী আবাসন-সুবিধা না পেয়ে নানা সমস্যায় পড়ছেন। অনেক ছাত্রীকে নিরাপত্তাহীনতার মধ্যে মেসে থাকতে হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র নির্দেশনা পরিচালক জামাল উদ্দিন ভূঁইয়া বলেন, আরও একটি করে ছাত্র ও ছাত্রীহল নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। সিলেট সরকারি মহিলা কলেজ: কলেজের শিক্ষার্থী প্রায় সাড়ে ছয় হাজার। একমাত্র ছাত্রীনিবাসে ৪০০ জনের আবাসন-সুবিধা রয়েছে। তবে সেখানে গাদাগাদি করে প্রায় ৬০০ জন থাকছেন। এমসি কলেজ: এই কলেজে শিক্ষার্থী ১২ হাজার। ছাত্রাবাসে ২৫০টি ও ছাত্রীনিবাসে ৭০টি আসন রয়েছে। কিন্তু গত বছরের শেষ দিকে ছাত্রলীগ-শিবির সংঘর্ষের জের ধরে একটি ছাত্রাবাস পুড়িয়ে দেওয়া হয়। সেটির মেরামতকাজ এখনো শেষ হয়নি। অধ্যক্ষ ধীরেশ চন্দ্র সরকার বলেন, শিক্ষার্থীদের প্রয়োজনের বিষয়টি বিবেচনা করে সম্প্রতি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আরও একটি করে ছাত্র ও ছাত্রীনিবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এই দুটিতে ২০০ ছাত্রছাত্রী আবাসন-সুবিধা পাবেন। এ ছাড়া পুড়ে যাওয়া ছাত্রাবাসটি পুনর্নির্মাণের কাজও শুরু হয়েছে।সিলেট সরকারি কলেজ: কলেজে প্রায় তিন হাজার শিক্ষার্থী রয়েছেন। একমাত্র ছাত্রাবাসে ১৫৭টি আসন রয়েছে। কিন্তু ২০১০ সালের শুরুতে ছাত্রলীগ-শিবির সংঘর্ষের জের ধরে ছাত্রাবাসটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এখনো সেটি চালু হয়নি। অধ্যক্ষ আশফাক আহমদ জানান, ২০০৭ সালে ১০০ আসনের একটি ছাত্রীনিবাস ভবন তৈরি করা হয়। বিদ্যুৎ ও পানির সংযোগ স্থাপন না হওয়ায় এখনো সেটি চালু হচ্ছে না।মদনমোহন কলেজ: প্রায় ১০ হাজার শিক্ষার্থীর এই কলেজে এখন কোনো আবাসন-সুবিধা নেই। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ২০০২ সালে একমাত্র ছাত্রাবাস ভবনটি ব্যবহারের অনুপযোগী ঘোষণা করলে সেটি ভেঙে ফেলা হয়। কলেজের অধ্যক্ষ আবুল ফতেহ ফাত্তাহ বলেন, প্রায় কোটি টাকা ব্যয়ে একটি ছাত্রীনিবাস নির্মাণের পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। উপযুক্ত জায়গা পেলে একটি ছাত্রাবাস নির্মাণেরও পরিকল্পনা রয়েছে।