আবাসন সমস্যা ও চুরির ঘটনাকে কেন্দ্র করে গতকাল বুধবার ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ছাত্রীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। এ সময় তাঁরা দ্রুত আবাসন সমস্যার সমাধান, চুরির ঘটনার দ্রুত বিচার ও ছাত্রীদের নিরাপত্তাব্যবস্থা জোরদার করার দাবি জানান। ছাত্রীদের দাবির সঙ্গে বিশ্ববিদ্যালয়ের দুটি ছাত্র সংগঠন ছাত্র ইউনিয়ন ও ছাত্রফ্রন্ট একাত্মতা ঘোষণা করে।জানা গেছে, গত মঙ্গলবার ভোররাত চারটার দিকে বিশ্ববদ্যালয়ের সুলতানা রাজিয়া হলের (মূল ভবন) গণরুম থেকে পাঁচটি মোবাইল ফোনসেটসহ বেশ কিছু টাকা চুরি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ওই হলের ছাত্রীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনার প্রতিবাদে দুপুর দুইটায় বিশ্ববিদ্যালয়ের দুটি ছাত্রীহলের শতাধিক ছাত্রী ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। এ সময় তাঁরা আবাসন সংকট নিরসন, চুরির ঘটনার সুুষ্ঠু তদন্ত ও বিচার এবং ছাত্রীদের নিরাপত্তাব্যবস্থা জোরদার করার দাবি জানান।