আবাসন সমস্যা মোকাবিলায় ঢাকামুখিতা কমাতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগর বিশেষজ্ঞরা বলেছেন, রাজধানী ঢাকায় মানসম্পন্ন আবাসনব্যবস্থা সীমিত। দিন দিন অবস্থার আরও অবনতি হচ্ছে। মানুষের ঢাকামুখিতা কমাতে ঢাকার বাইরে এখনই ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ সরকারকে নিতে হবে।
গতকাল সকালে রাজধানীর বাংলামোটরে প্ল্যানার্স টাওয়ারে ‘আগামী প্রজন্মের ঢাকা: আমাদের করণীয়’ শীর্ষক অনুষ্ঠানে নগর বিশেষজ্ঞরা এ কথা বলেন। বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স ও সেন্টার ফর ডেভেলপমেন্ট কমিউনিকেশন যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে ‘জনসংখ্যা ও আবাসন’ শীর্ষক গবেষণা প্রতিবেদনের মূল বিষয় উপস্থাপন করেন স্থপতি ও নগর পরিকল্পনাবিদ সালমা এ শফি। তিনি বলেন, ঢাকায় ৬০ শতাংশের বেশি মানুষ ক্ষণস্থায়ী অথবা অস্থায়ী আবাসনে বসবাস করে। শতকরা ৪০ ভাগ মানুষ বস্তিতে বসবাস করে। ঢাকায় একক মালিকানায় বাড়ি ও ফ্ল্যাটের সংখ্যা ১ লাখ ২৩ হাজার ৭৮৩টি।
ঢাকায় মানুষ আসা ঠেকাতে প্রতিবেদনে কয়েকটি সুপারিশ করা হয়েছে। তাতে বলা হয়েছে, এলাকায় কাজ না থাকায় অনেক মানুষ দুই সপ্তাহ থেকে ছয় মাসের জন্য ঢাকায় আসে। তা ছাড়া প্রতি মাসে ১০ থেকে ১৫ দিনের জন্য ঢাকায় এসে রিকশা ও ভ্যান চালায় অনেক মানুষ। এটা ঠেকাতে রিকশা ও ভ্যানের জন্য অনুকূল সড়ক কমাতে হবে। ঢাকার বাইরের অন্যান্য শহরে শিক্ষা ও চিকিৎসাসুবিধা বাড়াতে হবে।