আবাসন সমস্যা সমাধানের দাবিতে ছাত্রীদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবাসন সমস্যা সমাধানের দাবিতে দিনাজপুরে অবস্থিত হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা গতকাল রোববার ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছেন।দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত চার শতাধিক ছাত্রী ক্যাম্পাসে মিছিল বের করেন। মিছিল শেষে স্মারকলিপি পেশ করার জন্য তাঁরা উপাচার্যের কার্যালয়ে যান। উপাচার্যের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব পালনকারী অধ্যাপক মো. মিজানুর রহমান স্মারকলিপি গ্রহণ করেন। স্মারকলিপিতে ছাত্রীরা ১১ দফা দাবি তুলে ধরেন। এগুলো হলো: বর্তমানে থাকা হলের কক্ষগুলো দুই শয্যাবিশিষ্ট, টিনশেড মেরামত, বিদ্যুৎ ও স্যানিটারি-সংক্রান্ত সমস্যার দ্রুত সমাধান, রাতে কোনো ছাত্রী অসুস্থ হলে তাঁর চিকিৎসা নিশ্চিত, গণরুমে শয্যার ব্যবস্থা, মেস, ক্যাম্পাসসহ সর্বত্র ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত, হলগুলোতে পত্রিকা সরবরাহ, ডাইনিংয়ে উন্নত মানের খাবার, খাবারের জন্য ভর্তুকির ব্যবস্থা এবং হলে পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যবস্থা করা।স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়েছে, আগামী সাত কার্যদিবসের মধ্যে আবাসন সমস্যার সমাধানে কার্যকর ব্যবস্থা না নিলে ছাত্রীরা তাঁদের অধিকার আদায়ে কঠোর আন্দোলন কর্মসূচির উদ্যোগ নেবেন। বিশ্ববিদ্যালয়ের সর্বদলীয় ছাত্রী সংগ্রাম পরিষদের সদস্যসচিব সানজিদা আক্তার বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রায় তিন হাজার শিক্ষার্থীর মধ্যে অর্ধেকেরও বেশি ছাত্রী। তাঁদের মধ্যে প্রায় ৪০০ জন একটি মাত্র হলে গাদাগাদি করে থাকেন।বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক বলরাম রায় বলেন, উপাচার্য এম আফজাল হোসেন ঢাকায় অবস্থান করছেন। তিনি কাল সোমবার (আজ) ফিরে এলে ছাত্রীদের সঙ্গে কথা বলবেন। তিনি আরও জানান, ছাত্রীদের জন্য হল নির্মাণে ১২ কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হয়েছিল। কিন্তু বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে অর্থ বরাদ্দ না পাওয়ায় হল নির্মাণ করা সম্ভব হয়নি।