আবাসন সমস্যায় জর্জরিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া নার্সিং ইনস্টিটিউটের প্রায় দুই শতাধিক শিক্ষার্থীর জন্য রয়েছে মাত্র একটি নলকূপ। প্রায় নয় মাস ধরে বৈদ্যুতিক ট্রান্সফরমারটিও বিকল রয়েছে। তিনজনের কক্ষে থাকছেন সাত-আটজন করে। ভবনের ৫৫টি পাখার মধ্যে ৩৫টি নষ্ট।

আবাসিক ভবনে পর্যাপ্ত সুবিধা না থাকায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষার্থীরা কয়েক বছর ধরে দুর্ভোগ পোহাচ্ছেন। নার্সিং কর্তৃপক্ষের অভিযোগ, ইনস্টিটিউটের নানা সমস্যা সমাধান করার জন্য জেলা গণপূর্ত বিভাগের কাছে একাধিক চিঠি দেওয়া হয়েছে। কিন্তু কোনো কাজ হয়নি।

নার্সিং প্রশাসন শাখার দেওয়া তথ্যমতে, ১৯৮১ সালের ২০ জন ছাত্রী নিয়ে শহরের পুরোনো জেল রোডের একটি ভাড়াবাড়িতে ব্রাহ্মণবাড়িয়া নার্সিং ইনস্টিটিউটের তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সে শিক্ষা কার্যক্রম শুরু হয়। ১৯৯৪ সালে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল চত্বরে নার্সিং ইনস্টিটিউটের জন্য চারতলা একটি স্থায়ী ভবন নির্মাণ করা হয়। ওই ভবনের উত্তর দিকে একাডেমিক ভবন ও দক্ষিণ দিকের ৩৩টি কক্ষে ছাত্রীনিবাস নির্মাণ করা হয়। শুরুতে প্রতিবছর ছাত্রীদের জন্য ৩০ টি আসন ছিল। এটি বর্তমানে ৭০-এ উন্নীত হয়েছে। কিন্তু সে অনুপাতে ছাত্রীদের আবাসন-সুবিধাসহ অন্যান্য সুযোগ-সুবিধা বাড়েনি।

নার্সিং ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, আবাসিক হলের নিচতলায় রান্নাঘরসহ খাবার, অতিথি ও বিনোদনের জন্য কক্ষ রয়েছে। এখন ১৯৩ জন শিক্ষার্থী আছেন। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলায় ছাত্রীদের থাকার জন্য ৩৩টি কক্ষ রয়েছে। প্রতি ফ্লোরে ছয়টি করে শৌচাগার, চারটি গোসলখানা আছে।

সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, ছাত্রীদের জন্য ডাইনিং হলে ১৮টি চেয়ার ও ৫টি পাখা রয়েছে। এর মধ্যে চারটি পাখা নষ্ট। চেয়ার না থাকায় ছাত্রীদের দাঁড়িয়ে খেতে দেখা গেছে। বিনোদনের জন্য একটি ছোট কক্ষে ছোট টেলিভিশন রয়েছে। সেখানে ৩০ জনের বেশি বসা যায় না। আবাসিক হলে দুটি নলকূপ থাকলেও একটি নষ্ট। এমনকি আবাসিক পরিদর্শকদের খাওয়ার পানি বাইরে থেকে আনতে হচ্ছে।

ইনস্টিটিউটের অন্তত ৩০ শিক্ষার্থী বলেন, প্রতি কক্ষে তিনজন থাকার কথা থাকলেও এখন গাদাগাদি করে সাত থেকে আটজনকে থাকতে হচ্ছে। প্রতিষ্ঠার পর থেকে শৌচাগার, গোসলখানা ও বেসিনগুলো সংস্কার না করায় অধিকাংশ ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। ছাত্রীদের তুলনায় পর্যাপ্ত শৌচাগার ও গোসলখানা না থাকায় প্রতিদিন দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। তা ছাড়া শৌচাগার ও গোসলখানায় সব সময় পানি থাকে না। ছাত্রীনিবাসের অধিকাংশ বৈদ্যুতিক পাখা নষ্ট। চারটি করে বাতির সংযোগ থাকলেও একটি বা দুটি করে জ্বলছে। কোনো কোনো কক্ষে পাখা ও বাতি উভয় নষ্ট।

নার্সিং ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর ইনচার্জ সখিনা বেগম বলেন, ‘মেয়েরা অনেক কষ্ট করছে। গণপূর্ত বিভাগকে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। ছাত্রীদের দুর্ভোগের বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

এদিকে গত ১৭ এপ্রিল সকাল আটটার দিকে নার্সিং ইনস্টিটিউটের ট্রান্সফরমারটি নষ্ট হয়ে যায়। ফলে প্রতিষ্ঠান ও শিক্ষকদের কোয়ার্টারে বিদ্যুৎ-সংযোগ বন্ধ হয়ে যায়। বিষয়টি জেলা গণপূর্ত বিভাগকে জানালেও তাঁরা কোনো পদক্ষেপ নেয়নি। নার্সিং কর্তৃপক্ষের অনুরোধে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল কর্তৃপক্ষ তাদের ট্রান্সফরমার থেকে নার্সিং ইনস্টিটিউটে বিদ্যুৎ-সংযোগ দেয়। এ জন্য হাসপাতালকে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে। সর্বশেষ ১৮ অক্টোবর গণপূর্তের নির্বাহী প্রকৌশলীর কাছে চিঠি দেওয়া হয়েছে। এখনো সমস্যার কোনো সুরাহা হয়নি।

ব্রাহ্মণবাড়িয়া গণপূর্ত বিভাগের প্রকৌশলী নির্বাহী প্রকৌশলী কবির হোসেন বলেন, জেলার সরকারি সব প্রতিষ্ঠানেই সমস্যা। কাজ করার জন্য তহবিল দরকার। তাঁদের তহবিল (ফান্ড) নেই। ট্রান্সফরমার ঠিক করতে গণপূর্তের প্রধান প্রকৌশলীর কাছে চিঠি পাঠানো হয়েছে। অনুমোদন হলে টেন্ডারআহ্বান করে মাস খানেকের মধ্যে ট্রান্সফরমারটি মেরামত করা হবে।