আবাসন সমস্যায় শিক্ষক-শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবাসন সমস্যার কারণে চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীরা দুর্ভোগ পোহাচ্ছেন। কোয়ার্টার না থাকায় শিক্ষকদের অনেক দূর থেকে এসে এখানে ক্লাস নিতে হচ্ছে। ছাত্রাবাস ও ছাত্রীনিবাস না থাকায় ছাত্রছাত্রীদের অনেক টাকা খরচ করে মেসে থাকতে হচ্ছে। এতে তাঁদের লেখাপড়াও ব্যাহত হচ্ছে।
ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, ২০০৫ সালে চাঁদপুরের কচুয়া উপজেলায় ইউটিলিটি প্রতিষ্ঠা করা হয়। এখানে কম্পিউটার, কনস্ট্রাকশন, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং, ইলেকট্রনিকস ও সিভিল—এই পাঁচটি বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হয়। এখানে ২ হাজার ২৪০ জন শিক্ষার্থী আছেন। অধ্যক্ষ ও উপাধ্যক্ষসহ শিক্ষকের ৩৭টি পদের মধ্যে ৩২ জন কর্মরত আছেন। এঁদের মধ্যে ১০ জন স্থায়ী শিক্ষক। বাকি ২২ জন বিশ্বব্যাংকের একটি প্রকল্পভুক্ত। শিক্ষকের পাঁচটি পদ শূন্য রয়েছে।
ইনস্টিটিউটের চিফ ইনস্ট্রাক্টর মো. হুমায়ুন কবির বলেন, দুই একর জমির ওপর প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করা হয়। এখানে শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের জন্য কোনো আবাসন ব্যবস্থা নেই। অধ্যক্ষের জন্য একটি বাসভবন আছে। বর্তমানে আবাসন সমস্যা প্রতিষ্ঠানের প্রধান সমস্যা। থাকার জায়গা না থাকায় বেশির ভাগ শিক্ষক কুমিল্লা, চাঁদপুর ও হাজীগঞ্জ বাজার এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকেন। প্রতিষ্ঠানের আশপাশ ও কচুয়া বাজার এলাকায় মানসম্মত বাসাবাড়ি না থাকায় শিক্ষক ও কর্মচারীরা সেখানে থাকতে পারেন না।
হুমায়ুন কবির আরও বলেন, প্রতিবছর ৭২০ জন শিক্ষার্থী ইনস্টিটিউটে ভর্তি হন। ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্যে ১০ শতাংশ ছাত্রী ভর্তি করানোর বাধ্যবাধকতা রয়েছে। ওই সংখ্যক ছাত্রী ভর্তিও হয়। কিন্তু ছাত্রীনিবাস না থাকায় ভর্তির পর তাঁরা চলে যান। বর্তমানে প্রতিষ্ঠানে মাত্র ৬৩ জন ছাত্রী আছেন।
সিভিল বিভাগের প্রথম সেমিস্টারের ছাত্রী তানজিনা আক্তারের বাড়ি চাঁদপুরের মতলব উত্তর উপজেলায়। তানজিনা বলেন, তাঁর বিভাগে মাত্র তিনজন ছাত্রী আছেন। একই বিভাগে ভর্তি হওয়া ছাত্রী কামরুন্নাহারের বাড়ি কুমিল্লা শহরে। কামরুন্নাহার বলেন, তাঁরা ইনস্টিটিউটের পাশের একটি বাড়িতে মেস করে থাকেন। মেসে প্রতি মাসে থাকা-খাওয়া বাবদ তাঁদের ৪ হাজার টাকা খরচ হয়। ছাত্রীনিবাসে থাকলে তাঁদের অনেক কম টাকা খরচ হতো। সেখানে নিরাপত্তাও থাকত।
পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থী আবদুল আজিজ বলেন, প্রতিষ্ঠানে ক্লাস ও পরীক্ষা নিয়মিত হয়। তবে কোনো খেলাধুলার ব্যবস্থা নেই। খেলাধুলার মাঠ ও খেলাধুলার সরঞ্জাম না থাকায় শিক্ষার্থীরা বিনোদন থেকে বঞ্চিত হচ্ছেন।
৩ নভেম্বর সরেজমিনে দেখা যায়, চারটি পাকা ভবনে প্রতিষ্ঠানটির একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম চলছে। প্রতিষ্ঠানের সামনে কালিয়াপাড়া-কচুয়া সড়কে শিক্ষার্থীদের বসার জন্য কোনো যাত্রী ছাউনি নেই।
কয়েকজন শিক্ষক জানান, প্রতিষ্ঠানটির মাঠে বর্ষাকালে পানি জমে থাকে। ভবন নির্মাণের সময় পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখা হয়নি। তাই বর্যাকালে সেখানে পানি জমে থাকায় মশা-মাছির উপদ্রবে শিক্ষক ও শিক্ষার্থীরা অতিষ্ঠ থাকেন।
সার্বিক বিষয়ে প্রতিষ্ঠানের অধ্যক্ষ এ এস এম নাজমুল হক বলেন, দুই একর জমির বাইরে প্রতিষ্ঠানের কোনো নিজস্ব সম্পত্তি নেই। খেলাধুলার মাঠ ও ছাত্রাবাস তৈরি করতে হলে নতুন জমি কিনতে হবে। তবে ছাত্রীদের জন্য ছাত্রীনিবাস নির্মাণের জায়গা আছে। অন্যান্য সমস্যা সমাধানের জন্য একাধিকবার ঊর্ধ্বতন দপ্তরে তথ্য পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, এখানে ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের ৭০ শতাংশ ছেলেমেয়ে জেলার বাইরে থেকে আসেন। তাঁদের থাকার জন্য ছাত্রাবাস নির্মাণ করা জরুরি হয়ে পড়েছে।