আবাসনব্যবস্থা নিয়ে চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকারি দেবেন্দ্র কলেজের আলীমুল হক ছাত্রাবাসের জরাজীর্ণ ভবন
সরকারি দেবেন্দ্র কলেজের আলীমুল হক ছাত্রাবাসের জরাজীর্ণ ভবন

আবাসনব্যবস্থা নিয়ে চরম ভোগান্তি পোহাচ্ছেন মানিকগঞ্জের সরকারি দেবেন্দ্র কলেজের শিক্ষার্থীরা। দুটি ছাত্রাবাসের একটি পাঁচ বছর আগে আগুনে পুড়ে যাওয়ার পর থেকে কার্যত সেটা বন্ধ হয়ে যায়। বর্তমানে ১৫ হাজার শিক্ষার্থীর জন্য একটি ছাত্রাবাস ও একটি ছাত্রীনিবাসে মাত্র ১৬২টি আসন রয়েছে।
আসন সীমিত থাকায় গাদাগাদি করে থাকতে হচ্ছে শিক্ষার্থীদের। নিরুপায় হয়েই দূরদূরান্ত থেকে আসা অধিকাংশ শিক্ষার্থীকে বাড়তি অর্থ ব্যয় করে মেস বা বাসা ভাড়া নিয়ে থাকতে হচ্ছে। একই সমস্যায় আছেন কলেজের শিক্ষকেরাও।
কলেজ কার্যালয় সূত্রে জানা যায়, ১৯৪২ সালে ২৩ দশমিক ৭৯ একর জমির ওপর কলেজটি প্রতিষ্ঠা করেন দানবীর রণদা প্রসাদ সাহা। ১৯৮০ সালের ১ মার্চ কলেজটি সরকাির করা হয়। ১৯৪৭ সালে কলেজে ডিগ্রি পাস কোর্স চালু হয়। ১৯৬৩ সালে উচ্চমাধ্যমিক শ্রেণিতে বিজ্ঞান, ১৯৬৪ সালে ডিগ্রি পাস কোর্সে বাণিজ্য বিভাগ এবং ১৯৭০ সালে বিএসসি কোর্স চালু হয়। পরবর্তী সময়ে ১৯৭১-৭২ সালে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক সম্মান কোর্স শুরু হয়। এরপর ১৯৮৯-৯০ শিক্ষাবর্ষ থেকে রাষ্ট্রবিজ্ঞান ও হিসাববিজ্ঞান বিষয়ে স্নাতক (সম্মান) এবং অর্থনীতি, দর্শন, ইতিহাস, ব্যবস্থাপনা ও গণিত বিষয়ে স্নাতকোত্তর শ্রেণিতে পাঠদান শুরু হয়।
সম্প্রতি সরেজমিনে জানা গেছে, ছাত্রদের আবাসিক সমস্যা সমাধানের জন্য ১৯৯১ সালে দ্বিতল ভবনবিশিষ্ট আলীমুল হক এবং ১৯৪৭ সালে দুটি টিনের চৌচালাবিশিষ্ট মঞ্জুরুল আলম নামের দুটি ছাত্রাবাস নির্মাণ করা হয়। ২০০৯ সালের ২ মার্চ মঞ্জুরুল আলম ছাত্রাবাসটি আগুনে পুড়ে যায়। ২০১৩ সালের ৭ ফেব্রুয়ারি নামমাত্র সংস্কারের পর মাত্র চারটি কক্ষে ৩০ জনের বেশি ছাত্র গাদাগাদি করে থাকছেন।
মঞ্জুরুল আলম ছাত্রাবাসের আবাসিক শিক্ষার্থী সিরাজুল ইসলাম বলেন, সামান্য বৃষ্টি হলেই কক্ষগুলোর ভেতরে পানি পড়ে। পরে কাদার জন্য হাঁটাচলাও যায় না।
আলীমুল হক ছাত্রাবাসে ১৪টি কক্ষে ৫৬ জন ছাত্র থাকতে পারেন। তবে সীমিত আসনসংখ্যার কারণে গাদাগাদি করে শতাধিক ছাত্র থাকেন। এদিকে চারতলা ভবনবিশিষ্ট ছাত্রীনিবাসেও আসনসংখ্যা মাত্র ১০৬টি। ১০৬ জন শিক্ষার্থীর জন্য নির্মাণ করা হলেও গাদাগাদি করে থাকছেন প্রায় ২০০ জন ছাত্রী। এ ছাড়া চেয়ার, টেবিলসহ প্রয়োজনীয় উপকরণেরও রয়েছে স্বল্পতা।
শিক্ষার্থীরা জানান, আবাসিক ব্যবস্থার এ নাজুক পরিস্থিতির কারণে অনেক দরিদ্র পরিবারের সন্তানকে শহরের বিভিন্ন এলাকায় অধিক ভাড়ায় মেস বা বাসা ভাড়া করে থাকতে হচ্ছে। শহরের বান্দুটিয়া এলাকায় ছোট্ট একটি ঘর ভাড়া করে থাকেন কলেজের সাত শিক্ষার্থী। তাঁদের একজন উদ্ভিদবিদ্যা বিভাগের শেষ বর্ষের ছাত্র চঞ্চল চন্দ্র দাস। তিনি জানান, প্রতি মাসে তাঁদের সাড়ে চার হাজার টাকা ঘরভাড়া এবং গ্যাসের জন্য ৪৫০ টাকা ও বিদ্যুতের জন্য এক হাজার টাকা দিতে হয়।
আলীমুল হক ছাত্রাবাসের সুপার গিরিশ চন্দ্র রায় বলেন, নির্মাণে ত্রুটির কারণে এ ছাত্রাবাসটির বেশ কয়েকটি স্তম্ভ দেবে গিয়ে ফাটল দেখা দেয়। এ ছাড়া বৃষ্টি হলেই কক্ষগুলোতে পানি জমে। সম্প্রতি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সাড়ে ২১ লাখ টাকা ব্যয়ে ছাত্রাবাসের সংস্কারকাজ চালাচ্ছে।
কলেজ সূত্র জানায়, কলেজটিতে ১১০ জন অধ্যাপক, সহযোগী ও সহকারী অধ্যাপক ও প্রভাষক আছেন। তাঁদের থাকার জন্য পুড়ে যাওয়া মঞ্জুরুল আলম ছাত্রাবাসের জরাজীর্ণ একটি পুরোনো চৌচালা আধা পাকা ঘরে পাঁচটি কক্ষ রয়েছে। এর একটি কক্ষে থাকেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক অমর চন্দ্র দাস। তিনি বলেন, দীর্ঘদিন ব্যবহারে এই ডরমিটরিটি থাকার অনুপযোগী হয়ে পড়েছে। শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদের থাকার জন্যও আবাসিক ভবন নির্মাণের দাবি জানান তিনি।
কলেজের অধ্যক্ষ ইন্তাজ উদ্দিন বলেন, কলেজে আবাসনব্যবস্থার অবস্থা অত্যন্ত নাজুক। এ সমস্যার কারণে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট হচ্ছে। আবাসন-সংকট নিরসনে সরকারের পাশাপাশি রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিদের সহযোগিতা প্রয়োজন।