আবাসনসংকট নিরসনের দাবিতে মিটফোর্ডে ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবাসনসংকট নিরসনের দাবিতে গতকাল ক্লাস ও ক্লিনিক্যাল প্র্যাকটিস বর্জন করে অবস্থান ধর্মঘট পালন করেছেন পুরান ঢাকার মিটফোর্ড নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা l ছবি: প্রথম আলো
আবাসনসংকট নিরসনের দাবিতে গতকাল ক্লাস ও ক্লিনিক্যাল প্র্যাকটিস বর্জন করে অবস্থান ধর্মঘট পালন করেছেন পুরান ঢাকার মিটফোর্ড নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা l ছবি: প্রথম আলো

পুরান ঢাকার মিটফোর্ড নার্সিং ইনস্টিটিউটে আবাসনসংকট নিরসনের দাবিতে গতকাল বুধবার থেকে ‘ক্লাস ও ক্লিনিক্যাল প্র্যাকটিস’ বর্জন করতে শুরু করেছেন ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে বলে জানিয়েছেন তাঁরা৷
সূত্র জানায়, গতকাল সকাল আটটার দিকে ইনস্টিটিউটের প্রধান ফটকে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে জড়ো হন দুই শতাধিক শিক্ষার্থী৷ এ সময় তাঁরা আবাসনসংকট নিরসনের বিভিন্ন স্লোগান ও বক্তব্য দেন৷ শিক্ষার্থীরা জানান, নার্সিং ইনস্টিটিউটে আবাসনসংকটের মধ্যে দুটি ছাত্রীনিবাসের ১২টি কক্ষে বাস করছেন মিটফোর্ড হাসপাতালের স্টাফ নার্সরা। অথচ গাদাগাদি করে থাকছেন ছাত্রীরা। ছাত্রদের জন্য কোনো আবাসিক ব্যবস্থাই নেই৷ সবাই রাজধানীর বিভিন্ন এলাকায় বাসাবাড়ি বা মেসে থাকেন। এতে পড়াশোনার পর্যাপ্ত সুযোগ পাচ্ছেন না শিক্ষার্থীরা৷ অবিলম্বে ছাত্রীনিবাস থেকে স্টাফ নার্সদের অন্যত্র স্থানান্তর ও ছাত্রদের জন্য আলাদা ছাত্রাবাস নির্মাণ করার দাবি জানান তাঁরা৷ শিক্ষার্থীরা বলেন, আগে এই ইনস্টিটিউটে প্রতি ব্যাচে ২০ জন করে শিক্ষার্থী ভর্তি করা হতো। বর্তমানে তা বেড়ে ১০৫ জনে উন্নীত করা হয়েছে। কিন্তু সে তুলনায় শিক্ষাপ্রতিষ্ঠানটিতে আবাসনসুবিধা বাড়ানো হয়নি। বর্তমানে ওই দুটি ভবনের একেকটি কক্ষে ১০ জন করে থাকেন। এক বিছানায় দুজন। খাটগুলো লম্বায় প্রায় ৭ ফুট হলেও চওড়ায় ৩ ফুট। এ ছাড়া ছাত্রীনিবাসে টয়লেট ও গোসলখানার সংকট রয়েছে।
আন্দোলন সম্পর্কে জানতে চাইলে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়নের মিটফোর্ড নার্সিং ইনস্টিটিউট শাখার সাধারণ সম্পাদক কাওছার হোসাইন প্রথম আলোকে বলেন, গতকাল বিকেল সাড়ে তিনটায় ধর্মঘট চলাকালে দাবি বিবেচনার আশ্বাস দেন মিটফোর্ড হাসপাতালের উপপরিচালক৷