রাজবাড়ী সরকারি কলেজের বিদ্যাসাগর ছাত্রাবাসটি দীর্ঘদিন ধরে সংস্কার না করায় এবং অত্যধিক সিট ভাড়ার কারণে অধিকাংশ ছাত্র এই হোস্টেলে থাকতে অনাগ্রহ দেখাচ্ছেন।কলেজ সূত্রে জানা গেছে, ১৯৬১ সালে কলেজ প্রতিষ্ঠার পর ১৯৭৬ সালে প্রথম একটি ছাত্রাবাস স্থাপিত হয়। ১৯৮০ সালে কলেজটি সরকারি করার পর হিন্দু শিক্ষার্থীদের জন্য বিদ্যাসাগর নামের আরেকটি ছাত্রাবাস নির্মাণ করা হয়। বর্তমানে কলেজে অধ্যয়নরত এক হাজারেরও বেশি হিন্দু শিক্ষার্থীর জন্য এই ছাত্রাবাসের দুটি ভবনে আসন রয়েছে ৪০টি। কিন্তু টিনশেড ভবনে নানা সমস্যার কারণে ১২টি আসন ফাঁকা রয়েছে।সরেজমিনে দেখা গেছে, বিদ্যাসাগর ছাত্রাবাসের বিভিন্ন স্থানে বৈদ্যুতিক তার ঝুলে আছে। তারের বিভিন্ন স্থানে জোড়া লাগানো, ভাঙা কাটআউটের ভেতর কোনো রকমে তার গুঁজে দেওয়া হয়েছে। ভাঙা বৈদ্যুতিক বোর্ডের সঙ্গে বৈদ্যুতিক বাতি ঝুলছে। টিনশেড ভবনের ছয়টি কক্ষ বসবাসের অনুপযোগী হয়ে গেছে। সিলিংয়ের বিভিন্ন স্থানে পলিথিন দিয়ে দেওয়া।বাংলা তৃতীয় বর্ষের ছাত্র নয়ন কুমার পাল বলেন, ‘বৃষ্টির দিনে রুমের মধ্যে পানি জমে যায়। তখন বালতি, মগ, গামলা প্রভৃতি দিয়ে পানি ঠেকানোর চেষ্টা করতে হয়। অনেক সময় বৃষ্টির কারণে নির্ঘুম রাত কাটাই।’ কলেজ ছাত্র সংসদের সদস্য সুমন কুমার বিশ্বাস বলেন, ‘ছাত্রাবাসের সীমানাপ্রাচীর নেই, চেয়ার-টেবিল নড়বড়ে, কোনো গোসলখানা নেই। তদুপরি ভাড়া অত্যধিক। এ জন্য কেউ ছাত্রাবাসে থাকতে চায় না। সমস্যা নিয়ে প্রশাসনকে একাধিকবার বলা সত্ত্বেও কেবল আশ্বাস ছাড়া আর কিছুই পাইনি।’অধ্যক্ষ মো. সোহরাব হোসেন বলেন, ‘কলেজ থেকে ছাত্রাবাসের জন্য কোনো বরাদ্দ নেই। হোস্টেলে ছাত্র কম থাকায় তহবিলে সমস্যা। তবে আমরা সমস্যা সমাধানের জন্য ফ্যাসিলিটিজ ডিপার্টমেন্টের সঙ্গে আলোচনা করছি।’