বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের ৫০ হাজার শিক্ষার্থী চরম আবাসনসংকটের মধ্যে রয়েছেন। কলেজটিতে মোট ৬০০ আসনের পাঁচটি আবাসিক হল রয়েছে। এর মধ্যে তিনটি ছাত্রহল তিন বছর ধরে বন্ধ রয়েছে। পর্যাপ্ত আবাসনব্যবস্থা না থাকা এবং তিনটি ছাত্রহল বন্ধ থাকায় কলেজের আশপাশের এলাকাগুলোতে প্রায় দেড় হাজার ছাত্রাবাসে থেকে পড়াশোনা চালাচ্ছেন কলেজের শিক্ষার্থীরা। প্রতিবছর পাল্লা দিয়ে এসব ছাত্রাবাসের ভাড়া বাড়ছে। এতে বিপাকে রয়েছেন শিক্ষার্থীরা।কলেজের অধ্যক্ষ দীপকেন্দ্র নাথ দাস বলেন, আবাসিক হলগুলো খুলে দিলে দখল নিয়ে ছাত্রসংগঠনগুলোর মধ্যে সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এতে বিঘ্নিত হতে পারে কলেজের শিক্ষার পরিবেশ। কলেজ প্রশাসন মনে করে, হল খুলে দেওয়ার চেয়ে ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও ক্লাস চালু রাখা বেশি জরুরি। আর ছাত্রাবাসের ভাড়া নিয়ন্ত্রণে প্রশাসনের কোনো হাত নেই।কলেজ সূত্রে জানা গেছে, কলেজের দুটি ক্যাম্পাসে চারটি অনুষদে ২৩টি বিষয়ে স্নাতক সম্মান, স্নাতক (পাস কোর্স), স্নাতকোত্তর এবং উচ্চমাধ্যমিকের প্রায় ৫০ হাজার শিক্ষার্থী লেখাপড়া করছেন। এই বিপুলসংখ্যক শিক্ষার্থীর আবাসনের জন্য নতুন ক্যাম্পাসে চারটি ও পুরোনো ক্যাম্পাসে একটি আবাসিক হল রয়েছে। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের জন্য শহীদ তিতুমীর হলে ৮০ জন, শহীদ আকতার আলী মুন হলে ৯৬, শেরেবাংলা হলে ৪০, একমাত্র ছাত্রীহল বেগম রোকেয়ায় ৩০০ এবং উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ফকরুদ্দিন আহম্মেদ হলে ৯৬ জনের থাকার ব্যবস্থা রয়েছে। ২০০৯ সালে আধিপত্য বিস্তারের জের ধরে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে সহিংসতার ঘটনা ঘটলে শেরেবাংলা, তিতুমীর ও আখতার আলী মুন হল বন্ধ ঘোষণা করে কলেজ প্রশাসন।এদিকে কলেজের নতুন ক্যাম্পাসের পাশের কামারগাড়ি, জহুরুলনগর, পুরান বগুড়া, শেরেবাংলা নগর, জামিলনগর, সবুজবাগ, সেউজগাড়ি, খান্দার ও হাকিরমোড় এবং পুরোনো ক্যাম্পাসের পাশে বৃন্দাবনপাড়া ও ফুলবাড়ি এলাকায় গড়ে উঠেছে প্রায় দেড় হাজার ছাত্রাবাস। এসব ছাত্রাবাসের কক্ষে গাদাগাদি করে বাস করছেন শিক্ষার্থীরা।শিক্ষার্থীরা জানান, বেশির ভাগ ছাত্রাবাসেই পড়াশোনার পরিবেশ নেই। টিনশেডের মেসগুলোতে বর্ষাকালে কক্ষের ভেতরে পানি চুইয়ে পড়ে। এসব সমস্যার মধ্যেও প্রতিবছর ছাত্রাবাসের মালিকেরা ইচ্ছামতো ভাড়া বাড়াচ্ছেন। কিছু কিছু লোক মালিকদের কাছ থেকে বাসা ভাড়া নিয়ে বেশি ভাড়া আদায় করছেন।জহুরুলনগর এলাকার রিহান ছাত্রাবাসের রাব্বিউল হাসান বলেন, ‘মেসে হাজারো সমস্যা। অথচ বছর ঘুরতে না-ঘুরতে ভাড়া বাড়ানো হচ্ছে।’ পুরান বগুড়ার একটি মেসে থাকা শিক্ষার্থী ফারুক হোসেন অভিযোগ করেন, এই এলাকার মেসগুলোতে প্রায়ই মাদক ও জুয়ার আড্ডা বসে। সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদ করলে ভয়ভীতি দেখানো হয়।যোগাযোগ করা হলে বগুড়ার পুলিশ সুপার (এসপি) মো. মোজাম্মেল হক বলেন, ছাত্রাবাসগুলোকে ঘিরে মাদক ব্যবসার সঙ্গে ছাত্রসংগঠনের নেতা-কর্মীরা জড়িত। তাঁদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিতে শুরু করেছে। ছাত্রীনিবাসের সামনে বখাটেদের উৎপাত বন্ধেও ব্যবস্থা নেওয়া হবে।