আবাসনের জন্য তহবিল দাবি রিহ্যাবের
নিম্ন ও মধ্য আয়ের মানুষের জন্য আবাসন নিশ্চিত করতে আবারও বিশেষ তহবিল গঠন করতে সরকারের কাছে দাবি জানিয়েছে দেশের আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব।
সংগঠনটির নেতারা বলছেন, সাধারণ ক্রেতা ও আবাসনশিল্পের স্বার্থে তারা ২০ হাজার কোটি টাকার একটি পুনঃ অর্থায়ন তহবিল গঠনের দাবি করে আসছেন। প্রাক্–বাজেট আলোচনায় সেটি তুলে ধরা হয়েছিল। বাজেটে সেটি বাস্তবায়িত হয়নি। তবে তহবিল গঠন করে সেখান থেকে স্বল্প সুদে দীর্ঘমেয়াদি ঋণ দিলে সাধারণ ক্রেতারা বাসা ভাড়ার সমপরিমাণ অর্থ কিস্তি দিয়ে ফ্ল্যাটের মালিক হতে পারবেন। সাধারণ মানুষের আবাসন নিশ্চিতে সরকারের দায়িত্ব উচিত নেওয়া বলে মন্তব্য করেন রিহ্যাবের নেতারা।
রাজধানীর সোনারগাঁও হোটেলে আজ রোববার দুপুরে ২০১৬-১৭ অর্থবছরের বাজেট নিয়ে নিজেদের মতামত জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। এতে নিম্ন ও মধ্য আয়ের মানুষের আবাসন নিশ্চিত করতে তহবিল গঠনের দাবি জানানো হয়। এ ছাড়া বিনা প্রশ্নে আবাসন খাতে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ চান রিহ্যাব নেতারা। আবাসন প্রতিষ্ঠানকে শহর এলাকার প্রকল্পের জন্য পাঁচ বছর ও গ্রামীণ এলাকার প্রকল্পের জন্য ১০ বছর কর অবকাশ সুবিধা চাওয়া হয়। প্লট ও ফ্ল্যাটের নিবন্ধন ব্যয় কমানোর দাবিও করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রিহ্যাবের সভাপতি আলমগীর শামসুল আলামিন। উপস্থিত ছিলেন সহসভাপতি নুরুন্নবী চৌধুরী, লিয়াকত আলী ভূঁইয়া, আহ্কাম উল্লাহ, সরদার মো. আমিন ও মোহাম্মদ সোহেল রানা।
রিহ্যাব সভাপতি লিখিত বক্তব্যে বলেন, ‘আমরা ফ্ল্যাট ও প্লট নিবন্ধনের ফি কমানোর প্রস্তাব দিয়েছিলাম। তবে সেটি আগের মতোই ১৪-১৬ শতাংশের ওপরই বহাল আছে। উপরন্তু বাজেটে প্রতি বর্গমিটার আয়কর ৪০০ টাকা বৃদ্ধি করা হয়েছে। এটা খুবই দুঃখজনক। আমরা কিছু সুবিধা চাইতে গিয়ে অসুবিধা নিয়ে এলাম।’
এক সাংবাদিকের প্রশ্নের জবাবে আলমগীর শামসুল আলামিন বলেন, ‘প্রাক্-বাজেট আলোচনায় আমরা ১৩টি প্রস্তাব দিয়েছিলাম। একটিও বাস্তবায়িত হয়নি। আমরা সত্যিই লজ্জিত।’ তিনি আরও বলেন, ‘ভবিষ্যতে ওনাদের (জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর) সঙ্গে আমরা প্রাক্–বাজেট সভা করব কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। যদি বৈঠক করে কোনো সুরাহাই না হয়, তবে সেটি করে লাভ কী?’