মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী সানোয়ার হোসেন জেলা শহরের দক্ষিণ সেওতা এলাকায় সহপাঠীদের সঙ্গে একটি মেসে থাকেন। তাঁর বাড়ি ঘিওর উপজেলার তেরশ্রী গ্রামে। পরিবারের অর্থকষ্টের মধ্যেও কলেজের আবাসন সংকটে তাঁকে মেসে থেকে পড়ালেখা চালিয়ে যেতে হচ্ছে।
কথা হলে সানোয়ার হোসেন বলেন, ‘বাবা নেই। টিউশনি করে পড়াশোনার খরচ নিজেরই জোগাড় করতে হয়। তার ওপর মেস ভাড়া এবং গ্যাস, বিদ্যুৎ, পানি ও বুয়ার বিল বাবদ মাসে আড়াই হাজারের বেশি টাকা খরচ হয়। কলেজে আবাসনের সংকট না থাকলে আমার এ কষ্ট হতো না।’
কেবল সানোয়ারই নন, কলেজের আবাসন সংকটে তাঁর মতো দূরদূরান্ত থেকে পড়তে আসা দরিদ্র পরিবারের সন্তানদের মেস বা ভাড়া বাসায় থাকতে হচ্ছে।
কলেজ কার্যালয় সূত্রে জানা যায়, বর্তমানে কলেজে ১৭টি বিষয়ে স্নাতক (সম্মান), আটটি বিষয়ে মাস্টার্স (স্নাতকোত্তর) প্রথম পর্ব ও ১৩টি বিষয়ে মাস্টার্স শেষ পর্ব কোর্স চালু আছে। কলেজে শিক্ষার্থীর সংখ্যা ২১ হাজার ২৯৮। কিন্তু কলেজে মাত্র ২০০ ছাত্রছাত্রীর আবাসনব্যবস্থা আছে। আসনসংখ্যা সীমিত থাকায় শিক্ষার্থীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। এ সমস্যা সমাধানে ১৯৪৭ সালে দুটি টিনের চৌচালাবিশিষ্ট ছাত্রাবাস নির্মাণ করা হয়। এর নামকরণ করা হয় মঞ্জুরুল আলম ছাত্রাবাস। তবে ২০০৯ সালের ২ মার্চ ছাত্রাবাসটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ছাত্রাবাসটির বেশির ভাগ অংশ পুড়ে যায়। পরে ২০১৩ সালে নামমাত্র সংস্কারের পর ৩০ জন ছাত্রের থাকার ব্যবস্থা করা হয়। এ ছাড়া ১৯৯১ সালে আলীমুল হক নামে আরেকটি দোতলা ছাত্রাবাস নির্মাণ করা হয়। এতে ৭০ জনের থাকার ব্যবস্থা থাকলেও গাদাগাদি করে থাকছেন দ্বিগুণেরও বেশি শিক্ষার্থী। এদিকে চারতলা একটিমাত্র ছাত্রীনিবাসের আসনসংখ্যা ১০০। ১০০ জন শিক্ষার্থীর জন্য নির্মাণ করা হলেও গাদাগাদি করে থাকছেন ২২৫ জন ছাত্রী। এসব ছাত্রাবাস ও ছাত্রীনিবাসে রয়েছে নানা সংকট। খাট, চেয়ার-টেবিলসহ ছাত্রাবাসে প্রয়োজনীয় আসবাবের স্বল্পতা ছাড়াও রয়েছে বিশুদ্ধ পানির সংকট। ক্যানটিন না থাকায় শিক্ষার্থীদের ভোগান্তি আরও বেশি।
মঞ্জুরুল আলম ছাত্রাবাসে গতকাল রোববার দুপুরে গিয়ে দেখা যায়, পুরোনো ও পুড়ে যাওয়া টিন দিয়ে চারচালাবিশিষ্ট দুটি ঘর। পশ্চিম পাশের ঘরটিতে পাঁচটি ও পূর্ব পাশের ঘরে চারটি কক্ষ। প্রতিটি কক্ষেই গাদাগাদি করে থাকছেন শিক্ষার্থীরা। ছাত্রাবাসের আবাসিক শিক্ষার্থী বিল্লাল হোসেন বলেন, সিট (আসন) না থাকায় গাদাগাদি করেই থাকতে হচ্ছে। এতে পড়াশোনায় ব্যাঘাত ঘটছে। মাঝেমধ্যে সাপ্লাইয়ের (সরবরাহ) পানি না থাকায় টিউবওয়েলের পানিই পান করতে হয়।
মঞ্জুরুল আলম ছাত্রাবাসের জরাজীর্ণ একটি পুরোনো চৌচালায় পাঁচটি কক্ষ আছে। এর একটি কক্ষে থাকেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক হাসান মাহমুদ। তিনি বলেন, ওখানে থাকার মতো পরিবেশ নেই।
সার্বিক বিষয়ে কলেজের অধ্যক্ষ মো. শাহজাহান বলেন, বর্তমানে কলেজে আবাসনের সংকট আছে। তবে ছাত্রীনিবাসের পাশে আরেকটি ছাত্রীনিবাস নির্মাণ করা হচ্ছে। এ ছাড়া এই সংকট নিরসনে আরেকটি ছাত্রাবাস ও শিক্ষকদের আবাসনের ব্যবস্থারও উদ্যোগ নেওয়া হবে।