আবাসন-সংকটে মানবেতর জীবন

কর্মস্থলের একরাশ ক্লান্তি শরীরে বয়ে সন্ধ্যায় বাসায় ফিরে দেখলেন বৃষ্টির পানি আর ময়লা-আবর্জনায় শোয়ার ঘরটি একাকার। ঘরের মধ্যে রীতিমতো হাঁটুপানি জমে আছে। এরপর রাতভর চলল বৃষ্টি; বৃষ্টির পানি টিনের ছিদ্র দিয়ে চুইয়ে পড়তে লাগল গায়ে। নির্ঘুম রাত কাটিয়ে সকালে আবার ফিরতে হলো কর্মস্থলে।
গত ২৭ অক্টোবরের এ কাহিনি পোশাক কারখানার শ্রমিক আলমগীর হোসেনের (২০)। তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর শিল্পাঞ্চলের একটি কারখানার কর্মী। থাকেন পাশের সোনাপুর গ্রামের খান কলোনিতে।
কাঁচপুর শিল্পাঞ্চলের কয়েক হাজার পুরুষ ও নারী শ্রমিকের কাহিনি কমবেশি আলমগীরের মতোই। আবাসন-সংকটে তাঁরা মানবেতর জীবন যাপন করতে বাধ্য হচ্ছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্র বলছে, কাঁচপুর শিল্পাঞ্চলে ৮৫টি শিল্পকারখানা রয়েছে, যেখানে ৬৫ হাজার শ্রমিক কর্মরত। সবচেয়ে বেশি শ্রমিক রয়েছেন ওপেক্স অ্যান্ড সিনহা গ্রুপে; ৩৫ হাজার। এ ছাড়া অ্যাসকোয়্যার গ্রুপে ১২ হাজার ও অনন্ত গার্মেন্টসে ৭ হাজার শ্রমিক কাজ করেন। শ্রমিকদের ৯০ শতাংশের বাড়ি অন্য জেলায়। নিজ বাড়িঘর রেখে এখানে এসে বিভিন্ন কারখানায় কাজ করেন। কিন্তু সংশ্লিষ্ট কারখানা কর্তৃপক্ষ তাঁদের আবাসনের ব্যবস্থা করে না। থাকতে হয় ভাড়া বাসায়। সেখানে নেই বসবাসের ন্যূনতম পরিবেশ।

সরেজমিনে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, কাঁচপুর শিল্পাঞ্চলের কোনো কারখানারই শ্রমিকদের জন্য আবাসনব্যবস্থা নেই। ফলে শ্রমিকদের ভাড়া বাসায় থাকতে হয়। কর্মস্থল থেকে কাছে হওয়ায় বেশির ভাগ শ্রমিক সোনাপুর, পুরান কাঁচপুর, কুতুবপুর ও বেহাকৈর গ্রামে থাকেন। বেশির ভাগ আবাসনই টিনের চাল দিয়ে তৈরি।
|এলাকার সবচেয়ে বড় শ্রমিক কলোনি হিসেবে পরিচিত সোনাপুরের খান কলোনি। সেখানে গিয়ে দেখা যায়, সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় শ্রমিকেরা ঘরে বসে, কেউ ঘুমিয়ে, কেউ তাস ও লুডু খেলে সময় কাটাচ্ছেন। পরিচয় পেয়ে এ প্রতিবেদককে ঘিরে ধরে নিজেদের দুঃখ-দুর্দশার কাহিনি শোনাতে শুরু করলেন তাঁরা।
কলোনির বাসিন্দা ওপেক্স অ্যান্ড সিনহা গ্রুপের শ্রমিক শাহ আলী, মঞ্জুর হোসেন, সিরাজ মিয়া ও রফিকুল ইসলামের বাড়ি উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। পরিবার-পরিজন ফেলে এখানে এসে ৪০ বর্গফুটেরএকটি টিনের ঘরে তাঁরা গাদাগাদি করে বাস করেন।ভাড়া দিতে হয় আড়াই হাজার টাকা।
শ্রমিকেরা বলেন, খান কলোনিতে ২ হাজার ২০০ মানুষের বাস। কিন্তু শৌচাগার আছে মাত্র ১০টি। এ ছাড়া রান্নার চুলা (৫৫টি) ও পানির কলেরও (পাঁচটি) সংকট রয়েছে। কলোনির সব ঘরেরই টিনের চালা। পুরোনো হওয়ায় বৃষ্টি হলেই ছিদ্র দিয়ে পানি চুইয়ে পড়ে। আশপাশে কোনো পয়োনিষ্কাশনব্যবস্থা নেই। ফলে অল্প বৃষ্টিতেই ময়লা-আবর্জনামিশ্রিত পানিতে ঘর সয়লাব হয়ে যায়।

শ্রমিক আলম মিয়া বলেন, এসব সমস্যা সমাধানে বাড়ির মালিককে একাধিকবার অনুরোধ করেছেন তাঁরা। কিন্তু তিনি কোনো পদক্ষেপ নেননি। আবার প্রতিবাদ করারও সুযোগ নেই। কারণ, প্রতিবাদ করলেই বাড়ি ছাড়ার নোটিশ দেওয়া হয়।
ওপেক্স অ্যান্ড সিনহা গ্রুপের মহাব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, কাঁচপুর শিল্পাঞ্চলে শ্রমিকেরা আবাসন-সংকটে আছেন, এ কথা সত্য। কিন্তু তাঁদের তেমন কিছুই করার নেই। সমস্যা সমাধানে তিনি তৈরি পোশাক কারখানার মালিকদের সংগঠন বিজিএমইএ ও সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান।
এদিকে শিল্পপ্রধান এলাকা হওয়ায় কাঁচপুরে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দামও তুলনামূলক বেশি। বিশেষ করে কাঁচামাল ও মাছ-মাংসের দাম আকাশছোঁয়া।
কাকলি আক্তার নামের এক শ্রমিক বলেন, ‘আমাদের এখানে বাসা ভাড়ার মতো অন্য সব জিনিসের দামও বেশি। এত কম বেতনে চাকরি করে কষ্ট করে সংসার চালাতে হয়। কিন্তু আমাদের দিকে কেউ তাকায় না।’