আবাসিক এলাকা ও শিক্ষা প্রতিষ্ঠানের পাশে ইটভাটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এলাকাবাসীর বাধা ও প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রংপুরের পীরগঞ্জ উপজেলায় আবাসিক এলাকা ও শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে ইটভাটা স্থাপন করা হয়েছে। মালিক পরিবেশের ছাড়পত্র ও লাইসেন্স না নিয়েই এটি স্থাপন করেছেন। এলাকাবাসী ভাটাটি বন্ধ করার দাবি জানিয়েছে।সরেজমিনে জানা যায়, উপজেলার চতরা ইউনিয়নের চতরা হাটের মাত্র ২০০ গজ দূরে মেসার্স রহমান ব্রাদার্স নামের একটি ইটভাটা নির্মাণ করা হয়েছে। ভাটার ২০০ থেকে ৪০০ গজের মধ্যে ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠান আছে। এগুলো হচ্ছে চতরা উচ্চবিদ্যালয়, চতরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, চতরা মাদ্রাসা, চতরা ডিগ্রি কলেজ, চতরা বিজ্ঞান ও কারিগরি কলেজ ও চতরা মহিলা কলেজ। একই সঙ্গে ভাটার আশপাশে এক হাজারেরও বেশি ঘরবাড়ি আছে।১৯৮৯ সালের ইট পোড়ানো (নিয়ন্ত্রণ) আইনে উল্লেখ করা হয়েছে, আবাদি জমি, আবাসিক এলাকা, শিক্ষাপ্রতিষ্ঠান ও সংরক্ষিত বনাঞ্চল এলাকার তিন) কিলোমিটারের মধ্যে ইটভাটা স্থাপন নিষিদ্ধ।স্থানীয় সূত্রে জানা গেছে, ভাটার মালিকের নাম আবদুল কাদের। তিনি একজনের কাছ থেকে আনুমানিক পাঁচ একর জমি পাঁচ বছরের জন্য বর্গা নিয়ে ভাটাটি করেছেন। প্রথমে এলাকাবাসী নির্মাণকাজে বাধা দিয়েছিল। এতে কাজ না হওয়ায় তারা উপজেলা প্রশাসনের কাছে আবেদন করে।পরে পরিবেশ অধিদপ্তরের রংপুর কার্যালয়ের সহকারী পরিচালক আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে ভাটার মালিককে কাজ বন্ধ রাখার মৌখিক নির্দেশ দেন। কিন্তু ভাটার মালিক এই নির্দেশ উপেক্ষা করে কাজ চালিয়ে যান। গত মঙ্গলবার এখানে ইট পোড়ানোর কাজ শুরু হয়। উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি এনামুল হক বলেন, নতুন এ ভাটাটির লাইসেন্স ও পরিবেশের ছাড়পত্র নেই। এ ছাড়াও এত জনবহুল এলাকা যেখানে শিক্ষাপ্রতিষ্ঠান ও হাট-বাজার আছে, সেখানে ইটভাটা হতে পারে না। চতরা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুজ্জামান বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরা উপজেলা প্রশাসনের কাছে ইটভাটা বন্ধের দাবি জানিয়ে আবেদন করেছে। স্থানীয় একটি কলেজের শিক্ষক অনুপ কুমার বলেন, সরকারের আইন আছে, কিন্তু প্রয়োগ নেই। তাহলে এই আইনের কোনো প্রয়োজন নেই। পরিবেশ অধিদপ্তর রংপুর কার্যালয়ের সহকারী পরিচালক আনোয়ার হোসেন বলেন, ইতিমধ্যে ১০ জানুয়ারি ঘটনাস্থল পরিদর্শন করে ভাটার মালিককে কাজ না করার জন্য মৌখিক নির্দেশ দেওয়া হয়েছে । ভাটার মালিক পরিবেশ ছাড়পত্রের জন্য আবেদন করেননি। ইটভাটার মালিক আবদুল কাদের দাবি করেন, জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন করে ভাটা নির্মাণ করা হচ্ছে। ইটভাটা দেখার দায়িত্বে নিয়োজিত রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) আলাউদ্দিন বলেন, ‘এই ইটভাটার কোনো লাইসেন্স নেই। তাদের ভাটার কাজ না করার জন্য বলা হয়েছিল। তিনি আমাদের কাছে কোনো আবেদনও করেননি। বিষয়টি ইউএনওকে জানানো হয়েছে। সবার সহায়তায় ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রায়হান বলেন, ‘ আমরাও ওই ইটভাটার ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি। কিন্তু নেওয়া হচ্ছে না কেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি তো উচ্ছেদ অভিযান চালাতে পারি না। পরিবেশ অধিদপ্তরকে এ ব্যাপারে উদ্যোগ নিতে বলা হয়েছে।’