আবাসিক এলাকায় হাসপাতাল নয়

আবাসিক এলাকায় হাসপাতাল বন্ধের দাবিতে উত্তরার ১৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের বাসিন্দারা গতকাল শুক্রবার সকালে রাস্তায় নেমে আসেন। তাঁরা প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেন।
বাসিন্দারা অভিযোগ করেন, দুই মাস ধরে ১৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের একটি বাড়িতে ‘আল-আশরাফ জেনারেল হাসপাতাল’ নামের একটি বেসরকারি হাসপাতাল চালু করার প্রস্তুতি চলছে। কিন্তু এলাকার মানুষ চান না এখানে কোনো হাসপাতাল হোক। এ জন্য সেক্টর কল্যাণ সমিতির পক্ষ থেকে গত ১২ অক্টোবর হাসপাতালের কার্যক্রম বন্ধ রাখার জন্য কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে অনুরোধ করা হয়। কিন্তু তারা এলাকার অনুরোধ আমলে না নিয়ে হাসপাতাল নির্মাণের কার্যক্রম অব্যাহত রাখে।
সমাবেশে ১৩ নম্বর সেক্টর কল্যাণ সমিতির সভাপতি জাহিদ হোসেন বলেন, ‘আবাসিক এলাকার প্লট মানুষের বসবাসের জন্য। ব্যবসার উদ্দেশ্যে প্লট বরাদ্দ দেওয়া হয়নি। ব্যবসা করতে হলে, হাসপাতাল করতে হলে অ্যাভিনিউগুলোতে যান। ওটা বাণিজ্যিক এলাকা। আবাসিক এলাকায় হাসপাতাল গড়ে তুলে আমাদের শান্তি বিনষ্ট করবেন না। আমাদের শান্তিতে বসবাস করতে দিন।’
২ নম্বর সড়ক ও এলাকাবাসীর পক্ষ থেকে অভিনেতা খোরশেদুজ্জামান উৎপল বলেন, ‘২০ ফুট চওড়া এই সড়কে হাসপাতাল হলে নানা অসুবিধা হবে। সারাক্ষণই যানজট লেগে থাকবে। হাসপাতালের বর্জ্য থেকে রোগজীবাণু ছড়াবে। আমরা সুখে ও শান্তিতে বসবাস করতে চাই, আবাসিক বাড়িতে হাসপাতাল গড়ে তুলবেন না।’
সমাবেশ চলাকালে ২০ নম্বর বাড়ির সামনে টানানো হাসপাতালের নাম-সংবলিত ব্যানারটি নামিয়ে দেওয়া হয়। বক্তারা জানান, হাসপাতাল কর্তৃপক্ষকে হাসপাতাল বন্ধের বিষয়ে এলাকাবাসীর পক্ষ থেকে একটি স্মারকলিপি দেওয়া হবে। ২ নম্বর সড়কে হাসপাতাল হলে এলাকাবাসীর ভোগান্তি বাড়বে। অতিরিক্ত যানজট সৃষ্টি হবে। সেক্টরজুড়ে বিশৃঙ্খলা বাড়বে।
সমাবেশে অংশ নেন ১৩ নম্বর সেক্টর মহিলা সদস্যরা, ২ নম্বর সড়কবাসী, সেক্টর কল্যাণ সমিতিসহ সাধারণ এলাকাবাসী। পরে সকাল সাড়ে নয়টায় সমাবেশস্থল থেকে একটি র্যা লি সেক্টরের প্রধান ফটকের দিকে এগিয়ে যায়।
সমাবেশে উপস্থিত ছিলেন কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হারুন-আর রশিদ, সাবেক সভাপতি আবদুল লতিফ মণ্ডল, শাহদাত আলী, দেলোয়ার হোসেন পাটোয়ারী, প্রবীণ সদস্য আছিয়া খান, যুগ্ম সম্পাদক শাহনাজ পান্নাসহ অনেকে।