আবাসিক এলাকায় গড়ে ওঠা বাণিজ্যিক প্রতিষ্ঠান সরিয়ে নিতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে (সিডিএ) তাগাদা দিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন। সিডিএ বলছে, বিভিন্ন আবাসিক এলাকায় কতগুলো বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে তার তালিকা তৈরির কাজ চলছে। তালিকা শেষে উচ্ছেদ কার্যক্রম শুরু হবে।
গতকাল বুধবার চট্টগ্রাম সিটি করপোরেশনের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সমন্বয় সভায় মেয়র আ জ ম নাছির উদ্দীন নগরের বিভিন্ন আবাসিক এলাকায় একের পর এক বাণিজ্যিক স্থাপনা গড়ে ওঠায় ক্ষোভ প্রকাশ করেন। একই সঙ্গে সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয় করে বিভিন্ন সংস্থাকে প্রকল্প নেওয়ার কথাও তিনি উল্লেখ করেন।
সভায় ২১টি সরকারি সংস্থার প্রধান ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। দায়িত্ব নেওয়ার পর মেয়র নাছিরের সঙ্গে বিভিন্ন সরকারি সংস্থার এটি তৃতীয় সমন্বয় সভা।
মেয়র বলেন, ‘নাসিরাবাদ আবাসিক এলাকায় একের পর এক স্কুল হচ্ছে, খুলশীতে রেস্টহাউস থেকে শুরু করে কোনো কিছু বাকি নেই। এতে আবাসিক এলাকাগুলোর বাসিন্দারা নানা সমস্যার মুখে পড়ছে, প্রচুর যানজট হচ্ছে। যত দ্রুত সম্ভব আবাসিক এলাকা থেকে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো সরিয়ে নিতেই হবে।’
আবাসিক এলাকা থেকে বাণিজ্যিক স্থাপনা সরিয়ে নিতে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা সিডিএর প্রধান প্রকৌশলীর কাছে সভায় জানতে চান মেয়র। জবাবে সিডিএর প্রধান প্রকৌশলী মোহাম্মদ জসীম উদ্দিন চৌধুরী বলেন, সিডিএ বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে নিয়েছে। আবাসিক এলাকায় কতগুলো বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে, সেগুলোর তালিকা তৈরির কাজ চলছে। তালিকা শেষে উচ্ছেদ কার্যক্রম শুরু হবে।
শহরকে সুন্দর রাখতে ওয়ার্ড ধরে ধরে অবৈধ স্থাপনা উচ্ছেদের বিকল্প নেই বলে সভায় মন্তব্য করেন মেয়র নাছির। যানজট দূর করতে রাস্তার সর্বোচ্চ ব্যবহার, স্বয়ংক্রিয় সিগন্যাল বাতি স্থাপন, ভুতুড়ে বিদ্যুৎ বিল, চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল হাইস্কুলের সামনে নিউমার্কেট এলাকায় হকারের উৎপাত, মাদক নির্মূলের জন্য সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তাদেরও দৃষ্টি আকর্ষণ করেন তিনি। এ ছাড়া বিভিন্ন সরকারি সংস্থাকে গৃহকর পরিশোধ করার অনুরোধ জানান মেয়র।
সভায় চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত ওজনের যানবাহন চলাচলের কারণে রাস্তা দ্রুত খারাপ হয়ে পড়ছে। জেলা প্রশাসন ইতিমধ্যে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু করেছে। এ ছাড়া জঙ্গিবাদবিরোধী সচেতনতা তৈরি করতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অভিভাবক সমাবেশ করা হবে।
মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর বলেন, নগরের ফ্লাইওভারের কাজ শেষ হলে স্বয়ংক্রিয় সিগন্যাল বাতিতে যাওয়া যাবে। এখন করলে তার সুফল পাওয়া যাবে না।
পিডিবির (দক্ষিণাঞ্চলের) প্রধান প্রকৌশলী মো. আজহারুল ইসলাম বলেন, নগরে দু-একটা ভুতুড়ে বিদ্যুৎ বিলের কথা অস্বীকার করার উপায় নেই। মিটাররিডারদের সংকটের কারণে এই সমস্যা হচ্ছে। তবে প্রিপেইড মিটার চালু হলে এই সমস্যা থাকবে না।
চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল খালেদ ইকবাল বলেন, কিছু সমস্যা থাকলেও অল্প কিছুদিনের মধ্যেই কর্ণফুলী ড্রেজিংয়ের কাজ শুরু করা যাবে।
সমন্বয় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলম, চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শাহেদা ইসলাম, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ, পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী এ কে এম শামসুল করিম, গণপূর্ত বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. হুমায়ুন কবির চৌধুরী, পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম মহানগরের পরিচালক আজাদুর রহমান মল্লিক প্রমুখ।