আবাসিক এলাকায় ওয়েল্ডিং কারখানা
কিশোরগঞ্জ শহরের আবাসিক এলাকাসহ বিভিন্ন স্থানে অননুমোদিতভাবে শতাধিক ওয়েল্ডিং কারখানা গড়ে উঠেছে। কারখানার শিখা, শব্দ ও বিষাক্ত ধোঁয়া জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।
সরেজমিনে দেখা গেছে, শহরে এ রকম কারখানা ও দোকানের সংখ্যা দেড় শতাধিক। এর মধ্যে অনুমোদন আছে মাত্র ৫০টির। এত দিন শহরের প্রধান স্টেশন রোড ও ঈশা খাঁ সড়কে দীর্ঘদিন ধরে এসব কারখানা থাকলেও এখন বিভিন্ন আবাসিক এলাকায় ছড়িয়ে পড়েছে। অনুমোদন ছাড়াই শহরের আবাসিক এলাকা বত্রিশ, নগুয়া, ফিশারি সড়ক, রাখুয়াইল, গাইটাল, কোর্ট রোড, কলাপাড়া, শোলাকিয়া, খড়মপট্টি, চরশোলাকিয়া, বয়লা, তারাপাশা, নিউটাউন এলাকায় এমন একাধিক কারখানা রয়েছে।
ওই সব এলাকা ঘুরে দেখা গেছে, অধিকাংশ কারখানা ও দোকানের অনুমতি (লাইসেন্স) নেই। দীর্ঘদিন ধরে প্রশাসন ও পৌর আইনের তোয়াক্কা না করে এসব কারখানার মালিকেরা তাঁদের ব্যবসা চালিয়ে যাচ্ছেন।
খোঁজ নিয়ে জানা যায়, নিয়ম অনুযায়ী কারখানার ভেতরে ও পেছন দিকের বর্ধিত অংশে ওয়েল্ডিংয়ের কাজ করার কথা। কিন্তু কারখানাগুলো ছোট পরিসরে হওয়ায় সড়কের ওপরই ওয়েল্ডিংয়ের কাজ হয়। এতে পথচারী ও শিক্ষার্থীদের চলাফেরায় দুর্ভোগ পোহাতে হচ্ছে। কারখানাগুলোর লোহা পেটানো ও স্টিলের ড্রামশিট তৈরির শব্দ এবং লোহা গলানোর অ্যাসিডের বিষাক্ত ধোঁয়াও পরিবেশের ক্ষতি করছে।
সিভিল সার্জন মৃণাল কান্তি পণ্ডিত জানান, ওয়েল্ডিং থেকে বিচ্ছুরিত অতিবেগুনি রশ্মি চোখের কর্নিয়া নষ্ট করে দিতে পারে। তা ছাড়া বিভিন্ন লৌহজাত উপাদান গলানোর কাজে নাইট্রিক অ্যাসিডের বর্জ্য, বিষাক্ত ধোঁয়া শ্বাসকষ্টসহ নানা রোগের সৃষ্টি করতে পারে।
রাখুয়াইল এলাকার বাসিন্দা ব্যবসায়ী মহিউদ্দিন জানান, ওয়েল্ডিং কারখানার কারণে তাঁর ছেলেমেয়েদের বিদ্যালয়ে যাতায়াত করতে প্রতিদিনই অসুবিধায় পড়তে হয়। তা ছাড়া এসব কারখানার কারণে শহরের বিভিন্ন এলাকার শিশু শিক্ষার্থীরা শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
কিশোরগঞ্জের পৌর মেয়র মাজহারুল ইসলাম জানান, আবাসিক এলাকায় এ ধরনের কারখানা তৈরি পৌর আইনের পরিপন্থী। তবে অনেক এলাকাতেই এ ধরনের কারখানা গড়ে উঠেছে, যাদের কোনো ট্রেড লাইসেন্স নেই। শিগগিরই জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষার বিষয়টি বিবেচনা করে এসব কারখানা বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল ওয়াদুদ চৌধুরী জানান, এ শহরের আবাসিক এলাকাগুলোতে ওয়েল্ডিং কারখানা যেকোনো জেলা শহরের তুলনায় বেশি। পৌর কর্তৃপক্ষকে নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।