আবাসিক এলাকায় চামড়ার আড়ত, এলাকাবাসী অতিষ্ঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর শহরের দুটি আবাসিক এলাকায় অর্ধশতাধিক চামড়ার আড়ত গড়ে উঠেছে। এতে এসব এলাকার পরিবেশ বিপন্ন হয়ে উঠছে বলেএলাকাবাসী অভিযোগ করেছেন।মাংস ও চামড়া পচার দুর্গন্ধ, মশা-মাছির উৎপাত ও অস্বাস্থ্যকর নোংরা পরিবেশের কারণে স্থানীয় বাসিন্দারা অতিষ্ঠ। এসব আড়ত অপসারণের দাবিতে ১৮ এপ্রিল এলাকাবাসী জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন।দিনাজপুর পৌরসভা সূত্রে জানা গেছে, শত বছর ধরে শহরের লালবাগ ও রামনগর—এ দুটি মহল্লাকে কেন্দ্র করে গড়ে উঠেছে পশুর চামড়া কেনাবেচার পাইকারি বাজার। পর্যায়ক্রমে এ ব্যবসা পাশের এনায়েতপুর, ক্ষেত্রীপাড়া, পাটুয়াপাড়া এলাকায় বিস্তার লাভ করে। এসব এলাকায় এখন অর্ধশতাধিক চামড়ার আড়ত রয়েছে। জেলার বিভিন্ন এলাকা ও হাটবাজারে জবাই করা পশুর চামড়া ফড়িয়ারা নিয়ে আসেন এই পাইকারি বাজারে।সরেজমিনে জানা গেছে, চামড়ায় ব্যবহূত লবণের কারণে মাটির নিচে পানির স্তর লবণাক্ত হয়ে পড়েছে। চামড়ার দূষিত বর্জ্যের প্রচণ্ড দুর্গন্ধ ও মশা-মাছির উৎপাতের মধ্য দিয়ে বসবাস করতে হচ্ছে এলাকাবাসীকে।এনায়েতপুর মহল্লার বাসিন্দা দিনাজপুর কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. হাবিবুল ইসলাম জানান, লবণাক্ত ও দুর্গন্ধের কারণে এলাকার মানুষ অধিকাংশ নলকূপের পানি পান করতে পারে না। দুর্গন্ধ আর মশা-মাছির উৎপাতের কারণে মহল্লার রাস্তা দিয়ে হাঁটাচলাও করা যায় না। একই কথা উল্লেখ করে ক্ষেত্রীপাড়া মহল্লার বাসিন্দা ও চিরিরবন্দর ডিগ্রি কলেজের অধ্যাপক মনোয়ার হোসেন জানান, চামড়ার বর্জ্যের কারণে মহল্লার মধ্য দিয়ে বয়ে যাওয়া গিরিজা খাল বন্ধ হয়ে গেছে। দুর্গন্ধে এলাকার বাতাস ভারী হয়ে উঠেছে। অনেক মানুষ অসুস্থ হয়ে পড়ছে। সর্বোপরি বসবাসের অযোগ্য হয়ে পড়েছে মহল্লাটি।পাটুয়াপাড়া এলাকার বাসিন্দা জেলা উদীচীর সাধারণ সম্পাদক রেজাউর রহমান জানান, চামড়ার দূষিত বর্জ্যে ধীরে ধীরে বিপন্ন হয়ে পড়েছে এলাকার পরিবেশ। রামনগর মোড় এলাকা থেকে চামড়ার ব্যবসা স্থানান্তরের দাবিতে ১৮ এপ্রিল এলাকাবাসী জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন।দিনাজপুর চামড়াশিল্প মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আকতার আজিজ জানান, রামনগর ও লালবাগের চামড়াশিল্পের সঙ্গে কমপক্ষে এক হাজার ব্যবসায়ী জড়িত। এখানে কয়েক হাজার শ্রমিক কাজ করেন। চামড়ার বর্জ্যে পরিবেশ দূষিত হওয়ার কথা স্বীকার করে তিনি জানান, এলাকার পাশ দিয়ে বয়ে যাওয়া গিরিজা খালটি সংস্কার না করায় সেখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এটি সংস্কার এবং অবৈধ দখলমুক্ত করা হলে সমস্যার কিছুটা সমাধান হবে বলে তিনি দাবি করেন।স্মারকলিপি পাওয়ার সত্যতা নিশ্চিত করে জেলা প্রশাসক মো. জামাল উদ্দিন আহমেদ জানান, ১৯ এপ্রিল তিনি এলাকাগুলো পরিদর্শন করেছেন। এলাকাবাসীর অভিযোগের সত্যতা পেয়েছেন তিনি। এলাকাবাসীর দাবির বিষয়টি লিখিত আকারে পরিবেশ অধিদপ্তরসহ সরকারের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। একই সঙ্গে জেলা প্রশাসন ওই এলাকার চামড়া ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জেলা প্রশাসক জানান।