আবাসিক এলাকায় দুগ্ধ খামার নিয়ে বাসিন্দারা বিভক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া শহরের রহমাননগর আবাসিক এলাকায় গড়ে ওঠা একটি দুগ্ধ খামারের পক্ষে-বিপক্ষে এলাকাবাসী সোচ্চার হয়ে উঠেছে। দুগ্ধ খামারটি আবাসিক এলাকার পরিবেশ দূষিত করছে—স্থানীয়দের এমন অভিযোগ পেয়ে পরিবেশ অধিদপ্তর গত ৩০ সেপ্টেম্বরের মধ্যে খামারটি অন্যত্র সরিয়ে নিতে সময় বেঁধে দেয়।অন্যদিকে রাষ্ট্রপতি পদকপ্রাপ্ত ও জাতীয়ভাবে পুরস্কৃত খামারটি এলাকার দুধের চাহিদা মেটাচ্ছে—এমন দাবি তুলে এলাকাবাসীর আরেকটি অংশ খামারটি অন্যত্র না সরানোর জন্য গণস্বাক্ষর সংগ্রহ করে তা প্রশাসনের বিভিন্ন দপ্তরে জমা দেয়।এদিকে আবাসিক এলাকা থেকে দুগ্ধ খামার ও সরিষার তেলকল উচ্ছেদের দাবিতে গত শনিবার ‘আমরা রহমাননগরবাসী’ নামে একটি সংগঠন শহরের সাতমাথা চত্বরে মানববন্ধন ও সমাবেশ করেছে। মানববন্ধন ও সমাবেশের সঙ্গে একাত্মতা ঘোষণা করে পরিবেশ আন্দোলন কর্মীরা ছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ বক্তৃতা করেন। সমাবেশে রহমাননগর এলাকা থেকে পরিবেশ দূষণকারী সব ধরনের কল-কারখানা ও গরুর খামার উচ্ছেদের দাবি জানানো হয়।রহমাননগর এলাকায় গিয়ে দেখা গেছে, আবদুস সবুর নামে এক ব্যক্তি তাঁর পৈতৃক ৫৫ শতাংশ জমির এক পাশে সরিষার তেলকল এবং অন্য পাশে ‘আবেদিন ডেইরি ফার্ম’ নামে দুগ্ধ খামারটি স্থাপন করেছেন। আবদুস সবুর জানান, তাঁর বাবা ব্যবসায়ী ছিলেন। স্বাধীনতা-পরবর্তী সময়ে রহমাননগর এলাকায় এসে আটার ব্যবসা শুরু করেন। ব্যবসার সুবাদেই ওই ৫৫ শতাংশ জায়গা কেনেন। পরে সেখানে সরিষা তেলের কল স্থাপন করেন। তখন তেলকল এলাকার আশপাশে কোনো বাসাবাড়ি ছিল না। ১৯৯৩ সালের দিকে তেলকলের আরেক পাশে দুগ্ধ ও ছাগলের খামার দেন সবুর।আবদুস সবুর বলেন, ‘এলাকায় খাঁটি দুধ পাওয়া দুষ্কর ছিল। স্থানীয়দের অনুরোধেই খামারটি স্থাপন করি। বর্তমানে খামারে বিদেশি জাতের গরুর সংখ্যা প্রায় ৬০টি। প্রতিটি গাভি প্রায় ৪০ লিটার করে দুধ দেয়। এসব দুধ এলাকাবাসীর চাহিদা মিটিয়ে অন্যত্র পাঠানো হয়।’ তিনি অভিযোগ করেন, স্থানীয় এক যুবক বিনা পয়সায় প্রতিদিন পাঁচ লিটার দুধ চেয়েছিলেন। দিতে রাজি না হওয়ায় তিনি পরিবেশ অধিদপ্তরে অভিযোগ করেন।রহমাননগরের বাসিন্দা ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মকবুল হোসেন বলেন, ‘টাকা দিয়েও এখন বাজারে খাঁটি জিনিস পাওয়া যায় না। আমরা প্রতিদিন খামার থেকে খাঁটি দুধ কিনতে পারছি। এর বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে।’আবাসিক এলাকা থেকে খামার ও তেলকল দ্রুত উচ্ছেদের দাবিতে শনিবারের সমাবেশে বক্তারা বলেন, আবাসিক এলাকায় গরুর খামার থাকার কারণে দুর্গন্ধে টেকা যায় না। ওই এলাকার নাজমুল হক নামে এক ব্যক্তি পরিবেশ অধিদপ্তরে অভিযোগ করেছিলেন। যার পরিপ্রেক্ষিতে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা গত ৯ সেপ্টেম্বর সরেজমিনে তদন্ত করেন। পরিবেশ অধিপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক আলী রেজা মজিদ বলেন, যেহেতু খামারটির পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই এবং চারদিকে আবাসিক এলাকা, সেহেতু এটি সরিয়ে নিতে চিঠি দেওয়া হয়েছে। কিন্তু না সরানোয় ১০ অক্টোবর দুই পক্ষকে নিয়ে বসেছিলেন কর্মকর্তারা। খামার মালিককে আরেকবার সময় দেওয়া হবে। না মানলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।