আবাসিক এলাকায় পোলট্রিশিল্প!

রাজশাহীর বাগমারায় নির্দেশনা উপেক্ষা করে যত্রতত্র গড়ে উঠছে পোলট্রি খামার। আবাসিক এলাকা ও সড়কের পাশে এসব খামার গড়ে ওঠায় পরিবেশ হুমকির মুখে পড়েছে। দুর্গন্ধে খামারের আশপাশের লোকজনের জীবন অতিষ্ঠ।
পোলট্রিশিল্প ক্ষতিগ্রস্ত হতে পারে বিবেচনা করে এসব খামার মালিকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে প্রাণিসম্পদ বিভাগ সূত্র জানিয়েছে। কিন্তু এলাকাবাসীর অভিযোগ, খামার মালিকেরা প্রভাবশালী হওয়ায় তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
উপজেলার গোয়ালকান্দি, শ্রীপুর, বড়বিহানালী, শুভডাঙ্গা ও ঝিকড়া ইউনিয়ন এলাকা ঘুরে দেখা যায়, অধিকাংশ পোলট্রি খামারই গড়ে উঠেছে রাস্তার পাশ ঘেঁষে ও আবাসিক এলাকায়। বাড়িঘরের আশপাশেই রয়েছে এসব কারখানা। বেশ কিছু এলাকায় খামারের পাশেই শিক্ষাপ্রতিষ্ঠানও দেখা যায়।
রামরামা এলাকায় গতকাল রোববার সকালে গিয়ে দেখা যায়, তাহেরপুর সড়ক ঘেঁষে গড়ে ওঠা লোকালয়ে স্থাপন করা হয়েছে পোলট্রি খামার। আধা কিলোমিটারের মধ্যে নয়টি খামার স্থাপন করা হয়েছে। খামারের চারপাশে জনবসতি। মুরগির বিষ্ঠা (মল) বস্তায় ভরে ফেলে রাখা হয়েছে খামারের পাশেই। সেখান থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। খামারের কাছে এলেই লোকজন নাক চেপে ধরে চলাচল করছেন।
একই রকম অবস্থা শ্রীপুর, ভবানীগঞ্জ, বড়বিহানালী, মাড়িয়া, শুভডাঙ্গা এলাকায়। শ্রীপুর ও বড়বিহানালী স্কুল থেকে সামান্য দূরে রয়েছে আরেকটি পোলট্রি খামার। নাম প্রকাশ না করার শর্তে তিনজন শিক্ষক অভিযোগ করেন, বিদ্যালয় চলাকালীন দুর্গন্ধে টেকা কঠিন হয়ে পড়ে। দীর্ঘদিন ধরে এই অবস্থা।
গোয়ালকান্দি এলাকার খামারি বেলাল হোসেন, মুজিবুর রহমান ও হেলাল উদ্দিন বলেন, পোলট্রি খামারের দুর্গন্ধে তাঁরা অতিষ্ঠ। রাস্তা দিয়ে চলতে গেলে বমি আসে। বাড়িতে থাকতেও সমস্যা হয়। মাঝেমধ্যেই বাতাসে দীর্ঘ এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে দুর্গন্ধ। খামারিরা প্রভাবশালী হওয়ায় কেউ তাঁদের বিরুদ্ধে কিছু বলতে সাহস পান না।
স্থানীয় গোয়ালকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মজিদ খাঁ বলেন, তাঁর ইউনিয়নের আবাসিক এলাকায় ৫০টির মতো পোলট্রি খামার রয়েছে। এগুলোর দুর্গন্ধে লোকজন দিশেহারা। আবাসিক এলাকা থেকে খামারগুলো সরিয়ে জনবসতিহীন এলাকায় নেওয়ার পরামর্শ দিয়েও কাজ হয়নি।
খামার মালিক ও স্থানীয় লোকজনের সঙ্গে আলাপ করে জানা যায়, প্রায় এক যুগ আগ থেকে বাগমারায় পোলট্রিশিল্পের প্রসার ঘটতে থাকে। লাভজনক হওয়ায় ব্যবসায়ীরা এখানে এই পোলট্রিশিল্প স্থাপনের দিকে দিন দিন আরও বেশি করে ঝুঁকে পড়ছেন। উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা যায়, বাগমারায় বর্তমানে ছোটবড় মিলে ৩৫০টি পোলট্রি খামার রয়েছে। উপজেলার বড়বিহানালী, গোয়ালকান্দি, শ্রীপুরেই এর সংখ্যা সবচেয়ে বেশি। তবে ব্যক্তি উদ্যোগে গড়ে ওঠা এসব পোলট্রি খামার স্থাপনে কোনো অনুমতি নেওয়া হয়নি। এই সাড়ে তিন শ খামারের মধ্যে মাত্র ৪০ থেকে ৪৫টি আবাসিক এলাকা ও রাস্তা থেকে দূরে স্থাপন করা হয়েছে। বাদবাকিগুলো সব আবাসিক এলাকায় ও রাস্তা ঘেঁষে গড়ে উঠেছে।
পোলট্রিশিল্প মালিক চানপাড়ার ইদ্রিস আলী, গোয়ালকান্দি ইউনিয়ন এলাকার ইউনুছ আলী, ইয়াছিন, আবদুর রাজ্জাক বলেন, খামারের নিরাপত্তার স্বার্থে তাঁরা লোকালয়ে এসব পোলট্রিশিল্প গড়ে তুলেছেন। খামারগুলো লোকালয়ে থাকায় দুর্গন্ধ ছড়ায় বলেও তাঁরা স্বীকার করেন। তবে খামারি ইদ্রিস আলী বলেন, ‘প্রথম দিকে সমস্যা হলেও লোকজন এখন মানিয়ে নিয়েছে।’
প্রাণিসম্পদ কর্মকর্তা সুভাষ চন্দ্র পণ্ডিত আবাসিক এলাকায় ও রাস্তার পাশে যত্রতত্র পোলট্রি খামার স্থাপন এবং সেখান থেকে দুর্গন্ধ ছড়ানোর কথা স্বীকার করে বলেন, আবাসিক এলাকার বাইরে খামার স্থাপনের জন্য খামারিদের পরামর্শ দেওয়া হয়েছে। তবে বিভিন্ন সমস্যার অজুহাত দেখিয়ে খামার মালিকেরা লোকালয়ে এগুলো স্থাপন করেন বলেন প্রাণিসম্পদ কর্মকর্তা জানান।
এসব শিল্প স্থাপনে কোনো নির্দেশনা এবং অনুমতির প্রয়োজন আছে কি না, জানতে চাইলে প্রাণিসম্পদ কর্মকর্তা বলেন, আগে প্রয়োজন হতো না। তবে বছর দু-এক আগে নতুন করে নির্দেশনা এসেছে। সেই নির্দেশনার ভিত্তিতে পোলট্রি খামারিদের অনুমতি নেওয়ার কথা। তবে এখন পর্যন্ত কোনো খামারি অনুমতি নেননি। উপজেলা প্রশাসনের নির্দেশে খামারিদের চিঠি দিয়ে সতর্ক করা হয়েছে। তবে শিল্পটি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে বিবেচনা করে এসব পোলট্রি খামারিদের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে জানান সুভাষ চন্দ্র।