আবাসিক এলাকায় বাণিজ্যিক প্রতিষ্ঠানের ছড়াছড়ি
চট্টগ্রাম নগরের বিভিন্ন আবাসিক এলাকায় গজিয়ে উঠছে অসংখ্য বাণিজ্যিক প্রতিষ্ঠান। এগুলোর মধ্যে বেশির ভাগই বেসরকারি স্কুল-কলেজ, কিন্ডারগার্টেন ও কোচিং সেন্টার। এসব এলাকার ভাড়া বাড়িতে গড়ে উঠেছে বিউটি পারলার, ছোট আকারের পোশাকশিল্প প্রতিষ্ঠান, ব্যবসায়িক কার্যালয় এবং কয়েকটি সরকারি প্রতিষ্ঠান।
খোঁজ নিয়ে জানা যায়, প্রতিষ্ঠান গড়ার ক্ষেত্রে এগুলো চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) কোনো অনুমোদন নেয়নি।
নগরের আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা, হালিশহর হাউজিং এস্টেট, চান্দগাঁও আবাসিক এলাকা, জিইসি মোড়ের ও আর নিজাম রোড আবাসিক এলাকা, অক্সিজেন আবাসিক এলাকা, কর্নেলহাট বিশ্বব্যাংক কলোনি আবাসিক এলাকা, পাহাড়তলী মৌসুমী আবাসিক এলাকা, হালিশহর শান্তিবাগ আবাসিক এলাকা, বড় পোল, ছোট পোল এলাকায় গড়ে উঠেছে এসব প্রতিষ্ঠান।
যেখানে-সেখানে নিয়মনীতির তোয়াক্কা না করে গড়ে ওঠা বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো নিয়ে ক্ষোভ আছে এলাকাবাসীর।
তাঁদের অভিযোগ, এতে এলাকায় যানজট ও শব্দদূষণ বাড়ছে। শিক্ষার্থীদের পড়াশোনার ব্যাঘাত ঘটছে। দিন-রাত বহিরাগত ব্যক্তিদের আনাগোনার কারণে এলাকাবাসীর নিরাপত্তা নিয়েও শঙ্কা দেখা দিয়েছে। কিন্তু বাড়ির মালিক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ ব্যাপারে তেমন কোনো নজরদারি না থাকায় এর প্রতিকার মিলছে না।
সিডিএর চেয়ারম্যান আবদুচ ছালাম প্রথম আলোকে বলেন, ‘সিডিএর অনুমোদন ছাড়া আবাসিক এলাকায় সরকারি-বেসরকারি কোনো প্রতিষ্ঠানই গড়ে তোলার কোনো বিধান নেই। আমরা এসব প্রতিষ্ঠানের ব্যাপারে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’ তিনি বলেন, এ ব্যাপারে আবাসিক এলাকার বাড়ির মালিক ও তাঁদের সমিতি আগে থেকে সচেতন হলে এটা এত বড় আকার ধারণ করত না।
নগরের আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকায় গিয়ে দেখা যায়, বিভিন্ন স্কুল ও কলেজ, কোচিং সেন্টারের ব্যানারে পুরো এলাকা ছেয়ে গেছে।
এলাকার ১, ২, ৩, ১৫, ১৬, ১৭ নম্বর সড়কে কাছাকাছি দূরত্বে রয়েছে অনেকগুলো শিক্ষাপ্রতিষ্ঠান, বিউটি পার্লার ও কোচিং সেন্টার। এ এলাকায় রয়েছে কয়েকটি সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের কার্যালয়ও।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার একটি কোচিং সেন্টারের মালিক বলেন, ‘আমরা বাড়ির মালিককে নিয়মিত ভাড়া দিচ্ছি। এ ছাড়া কোনো নিয়ম-কানুনের কথা আমাদের জানা নেই।’
নগরের হালিশহর হাউজিং এস্টেটে রয়েছে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস, বেসরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রের শাখা এবং কয়েকটি ছোট আকারের পোশাকশিল্প প্রতিষ্ঠান। এ ছাড়া ‘জি’, ‘কে’, ‘এল’ ব্লক ও এর আশপাশে অন্তত অর্ধশতাধিক ছোট-বড় শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে উঠেছে।
এলাকার বাসিন্দা নুরুল আনোয়ার বলেন, ‘আমরা কোনো আবাসিক এলাকায় বসবাস করছি বলে মনে হয় না। এখানে তো স্কুল-কলেজের মেলা বসেছে।
সেই সঙ্গে রয়েছে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের কার্যালয়। দিন-রাত যানবাহন ও লোকজনের চলাচলের কারণে আমরা শব্দের যন্ত্রণায় ভুগছি। ছেলেমেয়ের পড়াশোনাও ব্যাহত হচ্ছে।’
চান্দগাঁও আবাসিক এলাকা ঘুরে দেখা গেছে, এখানে বেশ কয়েকটি ব্যবসাকেন্দ্র ও বেসরকারি উন্নয়ন সংস্থার কার্যালয়, বিউটি পার্লার এবং প্রায় শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টার রয়েছে। একইভাবে নগরের জিইসি মোড়ের ও আর নিজাম রোড আবাসিক এলাকার চারপাশ ঘিরে গড়ে উঠেছে এ ধরনের প্রায় ২০টি বাণিজ্যিক প্রতিষ্ঠান।