আবাসিক এলাকায় রাসায়নিক গুদাম, সরকার নির্বিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থলোভী ও প্রভাবশালী একটি মহল আবাসিক এলাকায় রাসায়নিক গুদাম, কারখানা ও শিল্পপ্রতিষ্ঠান রাখার ব্যাপারে ব্যবসায়ীদের উ ৎসাহ জোগাচ্ছে। আর সরকার এ ব্যাপারে নির্বিকার ভূমিকা পালন করছে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও পুরান ঢাকা পরিবেশ উন্নয়ন ফোরাম আয়োজিত এক যৌথ নাগরিক সমাবেশে বক্তারা এই অভিযোগ করেছেন। গতকাল সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সামনে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। আবাসিক এলাকা থেকে সব ধরনের রাসায়নিক প্রতিষ্ঠান সরানোর দাবিতে ওই সমাবেশের আয়োজন করা হয়। বক্তারা বলেন, গত বছর ৩ জুন পুরান ঢাকার নিমতলীতে অগ্নিকাণ্ডের ঘটনায় ১২৫ জনের মৃত্যুর পর সরকার আবাসিক এলাকা থেকে রাসায়নিকের গুদামসহ সব প্রতিষ্ঠান সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়। সরকার একে একে তিনবার ওই নির্দেশ বাস্তবায়নের সময়সীমা বাড়িয়ে সর্বশেষ গত বছরের ৩০ সেপ্টেম্বর নির্ধারণ করেছিল। কিন্তু এর পরও গত এক বছরে কেউ সরকারের ওই নির্দেশ পালন করেনি। সম্প্রতি আবারও পুরান ঢাকায় আরমানিটোলার গোবিন্দ দাস লেন ও শর ৎ গুপ্ত লেনে রাসায়নিকের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বক্তারা অবিলম্বে রাসায়নিকের গুদামসহ সব প্রতিষ্ঠান আবাসিক এলাকার বাইরে সরিয়ে জননিরাপত্তা নিশ্চিত করা, রাসায়নিকের লাইসেন্সপ্রাপ্ত ব্যবসায়ীদের পর্যবেক্ষণে রাখা, লাইসেন্সবিহীন দোকান, গুদাম ও কারখানা বন্ধ করে দেওয়া, উদ্ধারকাজের সুবিধার জন্য সরু রাস্তা প্রশস্ত করার দাবি জানান। সমাবেশে বাপার সাধারণ সম্পাদক আবদুল মতিন, উন্নয়ন ফোরামের সদস্যসচিব জাবেদ জাহান প্রমুখ বক্তব্য দেন।