আবাসিক এলাকায় শিল্পকারখানা রাসায়নিক গুদাম নিষিদ্ধের দাবি
রাজধানীর পুরান ঢাকাসহ বিভিন্ন আবাসিক এলাকায় রাসায়নিক পদার্থের শিল্পকারখানা, গুদাম ও দোকান নিষিদ্ধের দাবি জানিয়েছে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)।গতকাল শনিবার রাজধানীর নিমতলীর দুর্ঘটনাস্থলে পবা আয়োজিত ‘আবাসিক এলাকায় রাসায়নিক পদার্থের শিল্পকারাখানা, গুদাম ও দোকান উচ্ছেদ কর’ শীর্ষক মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। পবার চেয়ারম্যান আবু নাসের খানের পরিচালনায় মানববন্ধনে যোগ দেন শতাধিক এলাকাবাসী। বক্তারা অবিলম্বে রাসায়নিক দ্রব্যের উৎপাদন, বিপণন, গুদামজাতকরণ ও ব্যবহারের জন্য যুগোপযোগী নীতিমালা প্রণয়নের দাবি জানান। মানববন্ধনে বক্তারা বলেন, রাসায়নিক পদার্থের ব্যবস্থাপনায় সামান্য ত্রুটির কারণে ভয়াবহ দুর্ঘটনার সম্ভাবনা থাকে। তাই দ্রুত শহরতলিতে পৃথক শিল্পনগরী প্রতিষ্ঠা করে তাতে যাবতীয় রাসায়নিক দ্রব্যের কারখানা-গুদাম ও দোকান স্থানান্তর করতে হবে।এ সময় নবাব কাটরার সমাজকল্যাণ ও পঞ্চায়েত কমিটির সভাপতি হাজী মোহাম্মদ শহীদ, নগরবাসী সংগঠনের চেয়ারম্যান নাজিম উদ্দিন, গ্রিন মাইন্ড সোসাইটির সভাপতি আমির হাসান, মুসলিম যুবসংঘের সাধারণ সম্পাদক আকবর হোসেন, গ্রিন বেল্টের জসিম কাতাবী এতে একাত্মতা ঘোষণা করেন। নিমতলীতে জাপানের গবেষক দল: বেলা ১১টায় রাজধানীর কাজী আলাউদ্দিন রোডে নিমতলীর অগ্নিকবলিত স্থান পরিদর্শন করে জাপানের গবেষক দল। কিওচি কুবায়াচির নেতৃত্বে ওসামি সুগাওয়া, টোকিওসি ইয়ামাদা, তাকাসি সুজুকি এবং নরিয়াকি সাকামতো বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করেন। ভবিষ্যৎ অগ্নিঝুঁকি কমাতে বিভিন্ন দেশের অগ্নিঝুঁকি নিয়ে গবেষণা করছেন টোকিও বিশ্ববিদ্যালয়ের এ পাঁচ সদস্য। পরে তাঁরা বসুন্ধরার শপিং মলের অগ্নি দুর্ঘটনাস্থলও পরিদর্শন করেন। এ সময় বাংলাদেশ ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মুহাম্মদ মামুন তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন।