আবাসিক গ্যাস ব্যবহারে প্রি-পেইড মিটার যুগ শুরু
ঢাকা মহানগরে আবাসিক গ্রাহকদের গ্যাস ব্যবহারে প্রি-পেইড মিটারের যুগ শুরু হয়েছে। নগরের লালমাটিয়া ও মোহাম্মদপুরে সাড়ে চার হাজার আবাসিক গ্রাহককে প্রি-পেইড মিটারের আওতায় এনে এই যুগের সূচনা করেছে তিতাস গ্যাস সঞ্চালন ও বিতরণ কোম্পানি।তিতাস সূত্র জানায়, সাড়ে চার হাজারের মধ্যে তিন হাজার প্রি-পেইড মিটার লাগানো হয়ে গেছে। আরও দেড় হাজার লাগানোর কাজ চলছে। একটি পরীক্ষামূলক প্রকল্পের অধীনে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ১০ হাজার আবাসিক গ্রাহককে প্রি-পেইড মিটারের আওতায় আনার কথা। এই উদ্যোগ সফল হলে পর্যায়ক্রমে অন্যান্য এলাকায়ও গ্যাসের আবাসিক গ্রাহকদের একই ধরনের মিটারের আওতায় আনা হবে। তিতাস সূত্রের দাবি, এর ফলে গ্রাহক এবং কোম্পানি উভয়ই লাভবান হবে। সর্বোপরি অপচয় বন্ধ হবে। আবাসিক ক্ষেত্রে বর্তমানে প্রতি ইউনিট (এক ঘনমিটার) গ্যাসের দাম নির্ধারিত আছে পাঁচ টাকা ১৭ পয়সা। তিতাসের হিসাব অনুযায়ী, দুই চুলা ব্যবহারকারী একেকজন আবাসিক গ্রাহক গড়ে প্রতি মাসে গ্যাস ব্যবহার করেন ৮৯ দশমিক দুই ঘনমিটার। সে হিসাবে এই শ্রেণীর একজন গ্রাহকের প্রতি মাসে গ্যাসের বিল হওয়ার কথা ৪৬১ টাকার কিছু বেশি। কিন্তু নেওয়া হচ্ছে ৪৫০ টাকা।এই ক্ষেত্রে যেটুকু ঘাটতি হয় তা পোষানো হয় এক চুলার গ্রাহকদের দিয়ে। তাঁদের কাছ থেকে বিল নেওয়া হয় প্রতি মাসে ৪০০ টাকা। কিন্তু তাঁরা প্রতি মাসে যে পরিমাণ গ্যাস ব্যবহার করেন, এর দাম ৪০০ টাকার কিছুটা কম হয়। এখন প্রি-পেইড মিটার যাঁরা ব্যবহার করবেন, তাঁরা যদি প্রতি মাসে গ্যাসের ব্যবহার ৮০ ঘনমিটার বা এর নিচে রাখতে পারেন, তাহলে তাঁদের মাসিক বিল ৪০০ টাকার কাছাকাছি চলে আসবে। তিতাস গ্যাস কোম্পানির ধারণা, মিটারবিহীন থাকা অবস্থায় গ্রাহকেরা যেভাবে গ্যাসের যথেচ্ছ ব্যবহার ও অপচয় করেন, মিটারে যুক্ত হওয়ার পর নিজেদের স্বার্থেই তাঁরা তা নিয়ন্ত্রণ করবেন। ফলে গ্রাহক যেমন লাভবান হবেন, তেমনি মূল্যবান ও সীমিত জ্বালানি সম্পদ গ্যাসেরও অপচয় বন্ধ হবে, সাশ্রয় হবে।প্রি-পেইড মিটারের আওতায় আসা দুজন গ্রাহক প্রথম আলোকে বলেন, তাঁরা গ্যাসের অপচয় বা যথেচ্ছ ব্যবহার করতে চান না। একই সঙ্গে গ্যাসের সাশ্রয় চান। লালমাটিয়া ও মোহাম্মদপুরে যে মিটারগুলো লাগানো হচ্ছে, তিতাসের জন্য সেগুলো তৈরি করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। পরীক্ষামূলক প্রকল্পের আওতাধীন হওয়ায় বর্তমানে মিটারগুলোর জন্য গ্রাহকদের কোনো অর্থ ব্যয় করতে হচ্ছে না।