আবাসিক গ্যাস সংযোগ সম্পূর্ণ বন্ধ করার সিদ্ধান্ত হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার পাইপলাইনের মাধ্যমে গ্যাসের আবাসিক সংযোগ কখনোই না দেওয়ার কোনো সিদ্ধান্ত নেয়নি। জ্বালানিসচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন প্রথম আলোর এক প্রশ্নের জবাবে গতকাল বুধবার সন্ধ্যায় এ কথা জানিয়েছেন।গত মঙ্গলবার পেট্রোবাংলা আয়োজিত সংবাদ সম্মেলনের খবর প্রকাশের পর থেকে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে জ্বালানিসচিবের কাছে প্রথম আলোর পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছিল, সরকার আবাসিক গ্যাস-সংযোগ সম্পূর্ণ বন্ধ করার কোনো সিদ্ধান্ত নিয়েছে কি না।জবাবে জ্বালানিসচিব বলেন, দেশে গ্যাসের মজুদ, উৎপাদন ও সরবরাহের বর্তমান বাস্তবতায় সরকার নীতিগতভাবে মনে করে যে পাইপলাইন গ্যাসের আবাসিক সংযোগ বন্ধ রাখা উচিত। কিন্তু এটি কোনো সিদ্ধান্ত নয়। এখন পর্যন্ত সিদ্ধান্ত হচ্ছে, গ্যাসের দৈনিক উৎপাদন ২২০ কোটি (২২০০ মিলিয়ন) ঘনফুটে উন্নীত না হওয়া পর্যন্ত নতুন সংযোগ দেওয়া বন্ধ থাকবে।সচিব বলেন, গ্যাসের উৎপাদন যখন ওই পর্যায়ে উঠবে এবং সরকারের পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে আগামী বছরগুলোতে গ্যাসের উৎপাদন যখন আরও বাড়বে, তখন তো অবশ্যই এখনকার বাস্তবতা থাকবে না। তবে গ্যাস-সংযোগ পাওয়ার ক্ষেত্রে বিদ্যুৎ ও শিল্প অগ্রাধিকার পাবে।উল্লেখ্য, গ্যাসের চাহিদা ও সরবরাহের মধ্যে প্রায় ৫০ কোটি ঘনফুটের ব্যবধান নিয়ে বর্তমান সরকার যাত্রা শুরু করে। তারপর আরও কিছু শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান স্থাপিত হয়েছে। সম্পন্ন হয়েছে বেশ কিছু আবাসন প্রকল্পের কাজ। কিন্তু এদের কেউই গ্যাস-সংযোগ পাচ্ছে না। এতে জনমনে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে।