আবাসিক গ্যাসসংযোগ চালুর দাবি, রাজপথে নামার হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবাসিক খাতে গ্যাস বন্ধ করার প্রতিবাদ জানিয়েছে তিতাস গ্যাস পাইপ লাইন নির্মাণ ঠিকাদার মালিক সমিতি। অবিলম্বে তা প্রত্যাহার করে সংযোগ চালুর দাবি জানিয়েছে তারা। অন্যথায় মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এ দাবি পূরণের জন্য রাজপথে নামার হুমকি দিয়েছে মালিক সমিতি। 

আজ বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। লিখিত বক্তব্য পড়েন তিতাস গ্যাস পাইপ লাইন নির্মাণ ঠিকাদার মালিক সমিতির সাধারণ সম্পাদক গাজি ইব্রাহিম আহমেদ। অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন সমিতির সভাপতি জাকির খান, সহসভাপতি নুরুল ইসলাম ইকবাল ও সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, ২০১০ সালে আবাসিক খাতে গ্যাসসংযোগ বন্ধের পরই অবৈধভাবে গ্যাসসংযোগ নেওয়ার সংখ্যা বেড়ে যায়। এ ধরনের নির্দেশে অবৈধভাবে গ্যাসসংযোগ নেওয়ার ব্যাপারে অনেকে উৎসাহিত হয়। ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত সবচেয়ে বেশি অবৈধ গ্যাসসংযোগ নেওয়া হয়েছে। এভাবে গ্যাসসংযোগ নিয়ে কোনো ফি ও জামানত দিতে হয় না। এতে বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে সরকার। গ্যাসের ব্যবহার আবাসিক খাতে মাত্র ১০ শতাংশ ব্যবহার হয়। কিন্তু আবাসিক খাতে গ্রাসের সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, রাজধানীতে ৫০০ ঠিকাদার আছে, যাঁরা গ্যাস সংযোগ দেন। বিভিন্ন ঠিকাদার প্রতিষ্ঠানের অধীনে ওয়েল্ডার, ফিটার, ফোরম্যান, ইলেকট্রিশিয়ান ও তাদের সাহায্যকারী এবং শ্রমিক এই কাজে যুক্ত। গ্যাসসংযোগ বন্ধ করে দেওয়ায় এরা কর্মহীন হয়ে পড়েছেন, এদের পরিবার পথে বসার উপক্রম হয়েছে। হঠাৎ গ্যাসসংযোগ বন্ধ করে দেওয়ায় যাঁরা ডিমান্ড নোটের বা চহিদাপত্রসহ জামানতের টাকা জমা দিয়েছেন, তাঁদের টাকা অলস পড়ে আছে। গ্যাসসংযোগ বন্ধ করায় আবাসন খাত সমস্যায় পড়েছে। অবিলম্বে আবাসিক খাতে গ্যাসসংযোগ চালু করার দাবি জানানো হয়।