আবাসিক গ্যাস-সংযোগ চালু না হলে আন্দোলন
আবাসিক খাতে গ্যাস-সংযোগ বন্ধ করার নির্দেশের প্রতিবাদ জানিয়েছে তিতাস গ্যাস পাইপলাইন নির্মাণ ঠিকাদার মালিক সমিতি। অবিলম্বে এই মৌখিক নির্দেশ প্রত্যাহার করে সংযোগ চালুর দাবি জানিয়েছে তারা। অন্যথায় ঢাকা ও তিতাস গ্যাস সরবরাহ জেলাগুলোয় মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এ দাবি পূরণের জন্য রাজপথে নামার ঘোষণা দেওয়া হয়েছে।
গতকাল শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১০ সালে আবাসিক খাতে গ্যাস-সংযোগ বন্ধের পরই অবৈধভাবে গ্যাস-সংযোগ নেওয়ার সংখ্যা বেড়ে যায়। এ ধরনের মৌখিক নির্দেশে অবৈধভাবে গ্যাস-সংযোগ নেওয়ার ব্যাপারে অনেকে উৎসাহিত হয়। ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত সবচেয়ে বেশি অবৈধ গ্যাস-সংযোগ নেওয়া হয়েছে। এভাবে গ্যাস-সংযোগ নিতে কোনো সংযোগ খরচ ও জামানত দিতে হয় না। এতে বিপুল পরিমাণ রাজস্ব হারায় সরকার। গ্যাসের ব্যবহার আবাসিক খাতে মাত্র ১০ শতাংশ। কিন্তু কোনো ধরনের বিবেচনা ছাড়াই সম্প্রতি মৌখিক নির্দেশের ভিত্তিতে আবাসিক খাতে গ্যাসের সংযাগ বন্ধ করে দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, রাজধানীতে ৫০০ ঠিকাদার আছেন, যাঁরা গ্যাস-সংযোগ দেন। বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে ওয়েল্ডার, ফিটার, ফোরম্যান, ইলেকট্রিশিয়ান ও তাঁদের সাহায্যকারী এবং শ্রমিক এই কাজে যুক্ত। গ্যাস-সংযোগ বন্ধ করে দেওয়ায় তাঁরা বেকার হয়ে পড়েছেন, এঁদের পরিবার পথে বসার উপক্রম হয়েছে। হঠাৎ গ্যাস-সংযোগ বন্ধ করে দেওয়ায় যাঁরা ডিমান্ড নোট বা চাহিদাপত্রসহ জামানতের টাকা জমা দিয়েছেন, তাঁদের টাকা অলস পড়ে আছে। গ্যাস-সংযোগ বন্ধ করায় আবাসন খাত সমস্যায় পড়ছে। অবিলম্বে আবাসিক খাতে গ্যাস-সংযোগ চালু করার দাবি জানানো হয়।
দাবি পূরণ না হলে চলতি মাসের মধ্যে তিতাস গ্যাস সরবরাহ এলাকায় মানববন্ধন, প্রধানমন্ত্রীর কার্যালয়, পেট্রোবাংলা ও জ্বালানি মন্ত্রণালয়ে স্মারকলিপি দেওয়া ছাড়াও রাজপথে আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলে সংবাদ সম্মেলনেবক্তারা বলেন।