আবাসিক থেকে বাণিজ্যিক প্রতিষ্ঠান সরানোর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবাসিক এলাকা থেকে বাণিজ্যিক প্রতিষ্ঠান সরিয়ে নেওয়ার দাবিতে গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম নগরের জিইসি মোড়সংলগ্ন ও আর নিজাম রোড আবাসিকের প্রধান সড়কের প্রবেশমুখে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আবাসিক এলাকা কল্যাণ সমিতি এর আয়োজন করে। এতে এলাকার ভবন মালিকদের তাঁদের ভাড়া দেওয়া বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো আগামী এক মাসের মধ্যে স্বেচ্ছায় অপসারণের অনুরোধ জানানো হয়।
প্রথম আলোতে গতকাল এ বিষয়ে প্রতিবেদন ছাপা হওয়ার পরে তাঁরা এ মানববন্ধনের আয়োজন করেন বলে জানা গেছে।
মানববন্ধনে শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সী নারী-পুরুষ অংশ নেন। এতে এলাকাবাসীর পক্ষে বক্তব্য দেন বিশেষজ্ঞ চিকিত্সক ইমরান বিন ইউনূস, শিক্ষাবিদ হাসিনা জাকারিয়া, ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন, ও আর নিজাম রোড আবাসিক এলাকা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. নুরুল আলম প্রমুখ।
বক্তারা বলেন, ঐতিহ্যবাহী এ আবাসিক এলাকায় বর্তমানে স্কুল, কলেজ, কোচিং সেন্টার, ক্লাব, বাণিজ্যিক প্রতিষ্ঠান, আবাসিক হোটেল, হাসপাতাল, ক্লিনিক ও ফুটপাত দখল করে ভাড়া দেওয়ার কারণে এলাকার সুনাম হারাতে বসেছে। বাড়ছে যানজট, শব্দ দূষণ, ইভ টিজিং ও ছিনতাইয়ের মাত্রা।
বিশেষজ্ঞ চিকিত্সক ইমরান বিন ইউনূস বলেন, ‘আমরা নাগরিক অধিকার হারাতে বসেছি। কোনো আবাসিক এলাকা এ রকম হতে পারে না। আমি বাসা থেকে মূল সড়কে আসতে আগে যেখানে ১০ মিনিট সময় লাগত, এখন সেখানে ৪৫ মিনিট লাগছে। কারণ, ভাড়া দেওয়া প্রতিষ্ঠানগুলোতে আসা যানবাহনের এলোপাতাড়ি অবস্থান।’
ও আর নিজাম রোড আবাসিক এলাকা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. নুরুল আলম প্রথম আলোকে বলেন, ‘আমরা কেউ কারও প্রতিপক্ষ নই। আমরা একে অন্যের প্রতিবেশী। সেই বোধ থেকে সবার স্বার্থে এলাকার সুস্থ পরিবেশ বজায় রাখার জন্য ভাড়া দেওয়া বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো আগামী এক মাসের মধ্যে স্বেচ্ছায় সরিয়ে ফেলার জন্য অনুরোধ জানিয়েছি ভবন মালিকদের।’ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে এর আগে এ বিষয়ে অবহিত করার কথাও জানান।