আবাসিক থেকে সরছে বাণিজ্যিক প্রতিষ্ঠান

চট্টগ্রাম সিটি করপোরেশন নগরের বিভিন্ন আবাসিক এলাকায় গড়ে ওঠা বাণিজ্যিক প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স নবায়ন বন্ধ রেখেছে। একই সঙ্গে নতুন করে কোনো লাইসেন্স ইস্যু করা হচ্ছে না। প্রায় দেড় শ প্রতিষ্ঠান সিটি করপোরেশনের ট্রেড লাইসেন্স নিয়ে আবাসিক এলাকায় ব্যবসা করে আসছে।
সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মুহাম্মদ মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মন্ত্রিপরিষদের নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত বছরের ৪ এপ্রিল মন্ত্রিসভায় আবাসিক এলাকা থেকে বাণিজ্যিক প্রতিষ্ঠান সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়। মন্ত্রিসভার সিদ্ধান্তের বিষয়টি জানিয়ে গত বছরের ১৯ মে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে চট্টগ্রাম সিটি করপোরেশনকে একটি চিঠি দেওয়া হয়। ওই চিঠিতে বলা হয়, আবাসিক এলাকায় সকল অবৈধ বাণিজ্যিক প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স বাতিল করবে সিটি করপোরেশন। এসব অবৈধ প্রতিষ্ঠানে ওয়াসা, গ্যাস, বিদ্যুৎ, টেলিফোন ইত্যাদি সেবা প্রদান বন্ধ করা হবে। এ ছাড়া আবাসিক এলাকায় গেস্ট হাউস ও আবাসিক হোটেল বন্ধেও ব্যবস্থা নিতে হবে। এ জন্য সংশ্লিষ্ট প্লট মালিককে স্ব-উদ্যোগে অপসারণের জন্য ছয় মাসের সময় দেওয়া হবে। না হলে পরবর্তী এক মাসের মধ্যে উচ্ছেদ করা হবে।
সিটি করপোরেশন সূত্র জানায়, করপোরেশনের রাজস্ব বিভাগ ২০১৫ সালে নগরের আবাসিক এলাকায় থাকা বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে জরিপ করে। এতে দেখা যায়, সিটি করপোরেশনের আটটি রাজস্ব সার্কেলের অধীনে প্রায় দেড় শ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কাছে ট্রেড লাইসেন্স রয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে রোগ নির্ণয়কেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান, বিপণিবিতান, কমিউনিটি সেন্টার, ব্যাংক, বিউটি পারলার ও বুটিক হাউস।
সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মুহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, আবাসিক এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো উচ্ছেদে মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে। তা বাস্তবায়নে পদক্ষেপ নেওয়া হবে।
সরেজমিনে দেখা গেছে, চান্দগাঁও আবাসিক এলাকায় প্রায় প্রতিটি সড়কেই গড়ে উঠেছে দোকানপাট। ১২ নম্বর সড়কের শেষ মাথায় ১৭টি দোকান নিয়ে গড়ে তোলা হয়েছে বিপণিবিতান। পুরো আবাসিকে ১৫ থেকে ১৬টি বেসরকারি বিদ্যালয় রয়েছে। শুধু ১৪ নম্বর সড়কেই রয়েছে পরপর চারটি বেসরকারি বিদ্যালয়। ৩ ও ৮ সড়কে রয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থার কার্যালয়। এ ছাড়া বিউটি পারলারও রয়েছে বিভিন্ন সড়কে।
চান্দগাঁও সোসাইটি ক্লাবের সভাপতি আবু বকর চৌধুরী বলেন, বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে ওঠায় আবাসিক এলাকায় বাইরের লোকজনের আনাগোনা বেড়েছে। ফলে বাসিন্দারা নিরাপত্তাহীনতায় ভোগেন।
পাঁচলাইশ আবাসিক এলাকা ঘুরে দেখা গেছে, বিভিন্ন সড়কে রয়েছে দুটি কমিউনিটি সেন্টার, পাঁচটি রোগ নির্ণয়কেন্দ্র ও হাসপাতাল এবং একটি ব্যাংকের শাখা। এ ছাড়া রয়েছে দোকানপাট।
পাঁচলাইশ আবাসিক এলাকা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. আবু সৈয়দ বলেন, বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা যায়।
প্রায় দুই মাস আগে ট্রেড লাইসেন্স নবায়নের জন্য আবেদন করেছিলেন পাঁচলাইশ আবাসিক এলাকার একটি বুটিক হাউসের স্বত্বাধিকারী আয়েশা বেগম। তিনি সেখানে প্রায় নয় বছর ধরে ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে আসছিলেন। তিনি জানান, আবাসিক এলাকায় ট্রেড লাইসেন্স ইস্যু করা হবে না, জানিয়ে সিটি করপোরেশন তাঁর প্রতিষ্ঠানের লাইসেন্স আর নবায়ন করছে না।
এদিকে নগরের আবাসিক এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা বাণিজ্যিক প্রতিষ্ঠান, গেস্ট হাউস ও হোটেলের বিরুদ্ধে গত বছরের আগস্ট মাসের শেষে দিকে অভিযান শুরু করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। এর আগে সিডিএ নগরের বিভিন্ন আবাসিক এলাকায় অনুমোদনহীনভাবে গড়ে ওঠা বাণিজ্যিক প্রতিষ্ঠানের তালিকা করে।
গত বছরের ২৯ আগস্ট নগরের খুলশী আবাসিক এলাকায় অভিযান চালান সিডিএর ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১৩টি ভবন থেকে বাণিজ্যিক স্থাপনা সরিয়ে নিতে সর্বনিম্ন দুই থেকে সর্বোচ্চ তিন মাস সময় দেওয়া হয়। এরপর নগরের নাসিরাবাদ হাউজিং সোসাইটির ২২টি ভবন থেকে, চান্দগাঁও আবাসিক এলাকা থেকে ২১ ভবন মালিক ও ৩৫ ভাড়াটেকে তাঁদের বাণিজ্যিক স্থাপনা সরিয়ে নিতে তিন মাস সময় বেঁধে দেন ভ্রাম্যমাণ আদালত।
এখন ম্যাজিস্ট্রেট না থাকায় আবাসিক এলাকা থেকে বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদে সিডিএর অভিযান বন্ধ রয়েছে। নতুন ম্যাজিস্ট্রেট যোগদান করলে আবার অভিযান শুরু হবে বলে জানা গেছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট খিন ওয়ান নু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে সিডিএ থেকে বদলি হয়ে যান।
সিডিএর চেয়ারম্যান আবদুচ ছালাম বলেন, বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে বেঁধে দেওয়া সময় প্রায় শেষ হয়ে গেছে। তবে ম্যাজিস্ট্রেট না থাকায় আপাতত অভিযান বন্ধ রয়েছে। ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়ার জন্য মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। অল্প কিছু দিনের মধ্যে ম্যাজিস্ট্রেট আসবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।