আবাসিক ভবন ও বিদ্যালয়সহ ২২ স্থাপনা নদীগর্ভে বিলীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের চৌহালী উপজেলা সদরে যমুনার ভাঙন তীব্র আকার ধারণ করেছে। গত শুক্রবার দুপুর থেকে সন্ধ্যার মধ্যে দুটি আবাসিক ভবন ও একটি বিদ্যালয়সহ ২২টি স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এ ছাড়া তিন দিকে ভাঙন শুরু হওয়ায় ঝুঁকিতে আছে উপজেলা পরিষদ ভবন।উপজেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার জুমার নামাজের সময় যমুনা নদীর পূর্ব তীরে অবস্থিত চৌহালী উপজেলা পরিষদ চত্বরের উত্তর, পশ্চিম ও দক্ষিণ অংশে আকস্মিকভাবে ধস শুরু হয়। এর পর থেকে সন্ধ্যার মধ্যে নদীগর্ভে বিলীন হয়ে যায় উপজেলা পরিষদের দুটি দোতলা আবাসিক ভবন, আদর্শ হাইস্কুল ভবন, ত্রাণশিবির কার্যালয়সহ ২২টি স্থাপনা। রাত সাড়ে নয়টার দিকে ধস নামা কিছুটা বন্ধ হয়। বর্তমানে উপজেলা পরিষদ চত্বরের পূর্ব অংশের কিছু অংশ স্থলভাগের সঙ্গে সংযুক্ত থাকলেও বাকি তিন দিকের মাটি নদীতে বিলীন হয়ে গেছে। আবার যেকোনো মুহূর্তে ধস শুরু হতে পারে এমন আশঙ্কায় এলাকাবাসী বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানের মালামাল সরিয়ে নিচ্ছে।ইতিমধ্যে সোনালী ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের শাখা কার্যালয় এবং মহিলা অধিদপ্তরের কার্যালয় চৌহালী ডিগ্রি কলেজে স্থানান্তর করা হয়েছে। উপজেলা পরিষদের সব বিভাগের কাগজপত্রও ওই কলেজে নেওয়া শুরু হয়েছে।চৌহালী উচ্চবিদ্যালয়ের শিক্ষক রাশিদুল ইসলাম জুয়েল জানান, এলাকার লোকজন মসজিদে জুমার নামাজ পড়ছিল। এর মধ্যে আকস্মিক ধস শুরু হয়। নামাজ শেষ করে আসতে আসতেই বেশ কিছু ভবন ও দোকানপাট নদীতে ধসে যায়। লোকজন মালামাল উদ্ধারের কোনো সুযোগই পায়নি। এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীন কুমার কুণ্ডু জানান, যমুনা নদীর তীব্র স্রোতের কারণে উপজেলা কমপ্লেক্স এলাকায় প্রচণ্ড ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়। এর পরই আকস্মিকভাবে ধস নামে। আশপাশের সব আবাসিক ভবন থেকে লোকজন সরিয়ে নেওয়া হয়েছে। উপজেলা পরিষদের কার্যক্রম চৌহালী ডিগ্রি কলেজ ভবন থেকে পরিচালনার প্রস্তুতি নেওয়া হচ্ছে।জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জৌতি প্রসাদ ঘোষ জানান, বর্তমানে ভাঙনকবলিত স্থানে সিসি ব্লক ও বালুর বস্তা ফেলা হচ্ছে।২০০৯-১০ অর্থবছরে ৩২ কোটি টাকা ব্যয়ে চৌহালী উপজেলা পরিষদ রক্ষা বাঁধ নির্মাণ করা হয়। কিন্তু কাজ শেষ হওয়ার কিছুদিনের মধ্যে বাঁধটি ধসের কবলে পড়ে। এর আগে তিন দফা ধসে বাঁধের অন্তত ৩০০ ফুট এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে।