আবাসিক ভবন থেকে দোকানপাট উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের একটি আবাসিক ভবন থেকে ছয়টি দোকান উচ্ছেদ করা হয়েছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ভ্রাম্যমাণ আদালত গতকাল মঙ্গলবার নগরের সিরাজউদ্দৌলা সড়কের পাশে রোকেয়া হেরিটেজ নামে ওই ভবনে অভিযান চালায়।

সিডিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট খিন ওয়ান নু এ অভিযান পরিচালনা করেন। বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে তিনটা পর্যন্ত এই অভিযান চলে।

সিডিএর দায়িত্বপ্রাপ্ত (অথরাইজড) কর্মকর্তা মোহাম্মদ শামীম প্রথম আলোকে বলেন, আবাসিক ব্যবহারের জন্য আটতলা ওই ভবনটির অনুমোদন দেওয়া হয়। কিন্তু তা না করে ভবনটির মালিক গাড়ি পার্কিংয়ের জায়গায় এবং একতলায় দোকান ও বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানকে ভাড়া দেন। এ কারণে ভবনের সব দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠান অপসারণ করা হয়েছে।

নগরের অন্যান্য এলাকাতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান মোহাম্মদ শামীম।

গতকাল দুপুরে অভিযান চলাকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ভবনটির নিচতলা ও একতলায় দরজি দোকান, জেনারেল স্টোর ও ওষুধের দোকান রয়েছে। সিডিএর প্রায় ২৫ জন শ্রমিক হাতুড়ি ও শাবল দিয়ে এসব দোকানের দেয়ালগুলো ভাঙছেন। এর আগে দোকানিরা তাঁদের মালামাল বের করে নেন।