চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) নগরের বিভিন্ন এলাকায় আবাসিক ভবনে অবৈধভাবে গড়ে ওঠা বাণিজ্যিক স্থাপনার বিরুদ্ধে অভিযান শুরু করেছে।
গতকাল সোমবার দুপুরে নগরের খুলশী আবাসিক এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ ছাড়া ১৩টি ভবন থেকে বাণিজ্যিক স্থাপনা সরিয়ে নিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের সর্বোচ্চ তিন মাস সময় দিয়েছেন সিডিএর ভ্রাম্যমাণ আদালত।
গতকালের অভিযান পরিচালনা করেন সিডিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট খিন ওয়ান নু। খুলশী আবাসিক এলাকার ১ থেকে ৫ নম্বর সড়কের ১৩টি ভবনে অভিযান চালানো হয়। এসব ভবনের মধ্যে ১০টিতে গেস্টহাউস ও রেস্তোরাঁ, একটিতে ব্যাংকের শাখা কার্যালয়, একটিতে আবাসন প্রতিষ্ঠানের কার্যালয় এবং অন্যটিতে বায়িং হাউস রয়েছে। অভিযানে ইমপালস প্রপার্টিজ লিমিটেডকে ৫০ হাজার টাকা, জাবেদ আলম ও মামুনুর রহমানের নামের দুই রেস্তোরাঁ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
সিডিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট খিন ওয়ান নু প্রথম আলোকে বলেন, আবাসিক ভবনকে অবৈধভাবে বাণিজ্যিক কাজে ব্যবহার করার জন্য একটি আবাসন প্রতিষ্ঠান ও দুটি রেস্তোরাঁর মালিককে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই তিনটিসহ মোট ১৩টি ভবন থেকে বাণিজ্যিক স্থাপনা সরিয়ে নিতে ভবনের মালিক ও ব্যবহারকারীদের দুই থেকে তিন মাসের সময় দেওয়া হয়েছে।
গতকাল দুপুরে সরেজমিনে দেখা যায়, সিডিএর ভ্রাম্যমাণ আদালত অভিযানের শুরুতে খুলশী আবাসিক এলাকার ২ নম্বর সড়কের নাজনীনস নামের একটি ভবনে প্রবেশের চেষ্টা করেন। কিন্তু ভেতর থেকে কেউ ফটক না খোলায় সেখানে প্রবেশ করা সম্ভব হয়নি। এরপর বিপরীত পাশের আরেকটি ভবনে অভিযান চালানো হয়। সেখানে হিলটপ ইন নামের একটি গেস্টহাউস রয়েছে।
এই সড়কের ৮ নম্বর প্লটের তিনতলা ভবনে চলছে টিউলিপ থাই বিউটি পার্লারের স্পা ও ফুডের কার্যক্রম। একই সড়কে দোতলা একটি ভবনে কোরিয়া রেস্তোরাঁ নামের একটি প্রতিষ্ঠান চালাচ্ছেন দক্ষিণ কোরিয়ার এক নাগরিক।
হিলটপ ইনের ব্যবস্থাপক মার্ক গোমেজ দাবি করেন, সব ধরনের অনুমতি নিয়ে তাঁরা গেস্টহাউস পরিচালনা করছেন। অবশ্য টিউলিপ থাই বিউটি পারলারের তত্ত্বাবধায়ক সাংবাদিকদের সঙ্গে কথা বলতে চাননি।
সিডিএর অথরাইজড কর্মকর্তা মো. মনজুর হাসান প্রথম আলোকে বলেন, নগরের বিভিন্ন এলাকায় আবাসিক ভবনে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এসব বাণিজ্যিক স্থাপনা অপসারণে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে। পর্যায়ক্রমে নগরের সব আবাসিক এলাকায় অভিযান চালানো হবে।
গতকালের অভিযানে উপস্থিত ছিলেন সিডিএর প্রধান নগর পরিকল্পনাবিদ শাহীন উল ইসলাম খান, অথরাইজড কর্মকর্তা মো. মনজুর হাসান, সহকারী অথরাইজড কর্মকর্তা আনোয়ার হোসেন ও তানজীব হোসেন। অভিযানে সহায়তা করে নগর পুলিশ।