আবাসিক ভবনে ঝুঁকিপূর্ণ পাঁচ কারখানা বন্ধের নোটিশেও তোয়াক্কা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে আবাসিক ভবনে ঝুঁকি নিয়ে চলছে তৈরি পোশাক কারখানাসহ পাঁচটি কারখানা। কলকারখানা প্রতিষ্ঠান ও পরিদর্শন পরিদপ্তর ১৭ জুলাই এসব কারখানার কর্মপরিবেশ শ্রমিকবান্ধব নয় এবং ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে সংস্কার না করা পর্যন্ত বন্ধ করার নির্দেশ দিয়েছে। কিন্তু ওই নোটিশের তোয়াক্কা করছে না কারখানা কর্তৃপক্ষ।
পরিদপ্তরের সূত্র জানায়, ওই পাঁচটি কারখানা হলো: নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা (ঈশা খাঁ) সড়কের কিল্লারপুলের ইউনাইটেড ফ্যাশনস, ফেয়ার ফ্যাশনস, এড্রয়েট ফ্যাশন ওয়্যার, এমব্রো ওয়ার্ল্ড লিমিটেড এবং শহরের মাসদাইরের (পুলিশ লাইনের পাশে) হক ফ্যাশনস লিমিটেড। এগুলোর বিরুদ্ধে শ্রম আইন, ২০০৬-এর ৬১(১) (২) ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। এ কারখানাগুলোর মধ্যে প্রথম চারটি একই ভবনে অবস্থিত। গত সোমবার সরেজমিন গিয়ে কারখানাগুলোতে কাজ চলতে দেখা গেছে।
কলকারখানা পরিদর্শন পরিদপ্তরের কর্মকর্তারা বলছেন, কোনো প্রকার অনুমোদন না নিয়ে এবং নিরাপত্তামূলক ব্যবস্থা না রেখেই আবাসিক ভবনে কারখানাগুলো স্থাপিত হয়েছে। বড় কারখানাগুলো এসব কারখানাকে ‘সাব কন্ট্রাক্টে’ কাজ দেয়।
অবশ্য কারখানার কর্তৃপক্ষ বলছে, তারা দেশীয় বাজারে পোশাক সরবরাহ করে। নারায়ণগঞ্জে এর চেয়ে খারাপ অবস্থায় সরু গলিতে অসংখ্য কারখানা ‘লোকাল প্রোডাক্ট’ তৈরি করছে। তাই তারা মনে করে, তাদের কারখানার বিরুদ্ধে হঠাৎ এ রকম ব্যবস্থা নেওয়াটা উদ্দেশ্যপ্রণোদিত।
জানতে চাইলে শ্রমসচিব মিকাইল শিপার গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, কারখানা ছোট কি বড়, সেটা বড় ব্যাপার নয়। সেখানে অনেক শ্রমিক কাজ করেন এবং কারখানাটি ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে, সেটাই বড় বিষয়। তিনি বলেন, ‘অনুমোদন না নিয়ে, ঝুঁকি নিয়ে এসব কারখানা চালানো হচ্ছে বলেই আমরা কারখানাগুলো বন্ধের নির্দেশ দিয়েছি। কারখানাগুলো যদি সংস্কার করা হয় তবে আবার পরীক্ষা করে দেখে তবেই এ ব্যাপারে সিদ্ধান্ত দেওয়া হবে। মালিকেরা যদি পরিদপ্তরের নির্দেশ না মানেন, তবে আইনানুযায়ী শ্রম আদালতে ব্যবস্থা নেওয়া হবে।’
সোমবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, কিল্লারপুল এলাকায় ৩১/৩২ নম্বর হোল্ডিংয়ে একটি ছয়তলা আবাসিক ভবনের প্রতি তলায় একটি করে কারখানা রয়েছে। নিচতলায় জেনারেটর ও পার্কিংয়ের জন্য কিছু জায়গা রাখা। ছাদে টিনশেড স্থাপনা করে কারখানাকে ভাড়া দেওয়া হয়েছে। ওই ছয়টি কারখানার মধ্যে তিনটি তৈরি পোশাক (গার্মেন্টস), দুটি এমব্রয়ডারি ও একটি কাপড় ছাপানোর (প্রিন্টিং) কারখানা। সেদিন সব কারখানাতেই কাজ চলছিল।
কারখানা পরিদর্শন পরিদপ্তরের কর্মকর্তারা ভবনটিতে থাকা তিনটি পোশাক ও একটি এমব্রয়ডারি কারখানা বন্ধ করে নিরাপত্তাব্যবস্থাগুলো যুক্ত করার নির্দেশ দেন।
ভবনের ফটকে ফ্লোর ভাড়া দেওয়ার বিজ্ঞপ্তি ঝুলছিল। বিজ্ঞপ্তিতে লেখা নম্বরে ফোন করলে অপর প্রান্তে মো. মিরাজ নামের একজন নিজেকে ভবনমালিক পরিচয় দেন। তিনি জানান, তিন হাজার ২০০ বর্গফুটের একেকটি তলার মাসিক ভাড়া ২৫ হাজার টাকা। অগ্রিম পাঁচ লাখ টাকা। ভবনটি আবাসিক হিসেবে অনুমোদিত।
হক ফ্যাশনসের কারখানাও মাসদাইরের একটি আবাসিক ভবনে। ছয়তলা ওই ভবনের তিনতলায় কারখানাটি স্থাপিত। বাকি তলাগুলো আবাসিক হিসেবে ব্যবহূত হচ্ছে।
কলকারখানা প্রতিষ্ঠান ও পরিদর্শন পরিদপ্তরের নারায়ণগঞ্জের শ্রম পরিদর্শক আবদুল্লাহ আল সাকিব মুবাররাত প্রথম আলোকে বলেন, কিল্লারপুলের ওই আবাসিক ভবনে বিভিন্ন ধরনের ছয়টি কারখানা স্থাপন করা হয়েছে কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন পরিদপ্তরের অনুমোদন (লাইসেন্স) ছাড়াই। ভবনে একটি মাত্র সরু সিঁড়ি, তাতেও রেলিং নেই। অগ্নিনির্বাপণব্যবস্থার কিছুই নেই। ছাদ বন্ধ করে টিনশেড বানানো হয়েছে। চরম ঝুঁকিপূর্ণ এই কারখানাগুলো বিজিএমইএ, বিকেএমইএর সদস্য নয়। হক ফ্যাশনসের কারখানারও একই অবস্থা।
পরিদপ্তরের কর্মকর্তারা বলেন, এই কারখানাগুলো মূলত সাব কন্ট্রাক্টে কাজ করে। অর্থাৎ অনুমোদিত বড় কোনো কারখানা বিদেশ থেকে বড় আদেশ পেলে সেগুলোর কিছু পোশাক অল্প টাকায় এসব কারখানা থেকে তৈরি করিয়ে নেওয়া হয়। নারায়ণগঞ্জে এ রকম প্রচুর কারখানা রয়েছে।
ওই পাঁচ কারখানার একটি ফেয়ার ফ্যাশনসের উৎপাদন ব্যবস্থাপক হাবিবুর রহমান পরিদপ্তরের বন্ধের নির্দেশ পাওয়ার কথা জানিয়ে বলেন, তাঁদের কারখানায় দেশীয় বাজারের জন্য পোশাক বানানো হয়, রপ্তানির জন্য নয়। নারায়ণগঞ্জে এ রকম হাজারো কারখানা রয়েছে। তিনি বলেন, সরকার যে ত্রুটিগুলো চিহ্নিত করেছে, সেগুলো দ্রুত সারানোর চেষ্টা চলছে।
হক ফ্যাশনসের কেউ এ বিষয়ে কথা বলতে রাজি হননি।
এদিকে নারায়ণগঞ্জ শহরের নয়ামাটি, উকিলপাড়া, দেওভোগ ঘুরে বাণিজ্যিক ভবনের পাশাপাশি আবাসিক ভবনেও প্রচুর কারখানা চালু দেখা গেছে। নয়ামাটির সরু গলিগুলোতে প্রচুর পোশাক কারখানা রয়েছে। কোনো কোনো ভবনের ওপরের তলায় পোশাক কারখানা আর নিচের তলায় প্রদর্শনী কক্ষ। গলিগুলোর কোনোটি এত সরু যে পাশাপাশি দুটি রিকশা চলার জায়গা নেই। এসব শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন জানান, এ এলাকায় মূলত নারায়ণগঞ্জের বিখ্যাত হোসিয়ারি শিল্প কারখানাগুলো অবস্থিত। প্রায় ১০০ বছর ধরে এখানে এ শিল্প গড়ে উঠেছে। যখন এ শিল্প গড়ে উঠেছিল, তখন অগ্নিনিরাপত্তা বা ভবনের ঝুঁকির বিষয়গুলো কেউ জানতেনই না। এখন ভবন উঠতে উঠতে জায়গাটা ঘিঞ্জি হয়ে উঠেছে। এখানে দেশীয় বাজারে বিক্রির জন্য স্যান্ডো গেঞ্জি, জাঙ্গিয়া, শিশুদের পোশাক তৈরি হয়। অনেক কারখানা মধ্যপ্রাচ্যে পণ্য রপ্তানি করে। তবে তাদের মূল ক্রেতা প্রবাসী বাংলাদেশিরা। আবার এর ফাঁকে গড়ে উঠেছে কিছু সাব কন্ট্রাক্ট পোশাক কারখানা।
(প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নারায়ণগঞ্জ প্রতিনিধি আসিফ হোসেন)।