আবাসিক ভবনের কাজ ঝুলে আছে সাত বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত বছর ধরে ঝুলে আছে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ভবনের নির্মাণকাজ৷ ফলে চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের বাসা ভাড়া করে বাইরে থাকতে হচ্ছে৷ ফলে রোগীরা সময়মতো চিকিৎসা পাওয়া থেকে বঞ্চিতও হচ্ছে৷
সরেজমিনে দেখা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যায় উন্নীত করে হাসপাতাল ও চিকিৎসক-কর্মকর্তাদের আবাসিক ভবন একেবারে কাছাকাছি। হাসপাতালটির নির্মাণকাজ শেষে কয়েক বছর আগে চিকিৎসাসেবা চালু হলেও আবাসিক ভবনগুলোর কাজ অসমাপ্ত পড়ে আছে৷ নির্মাণাধীন আবাসিক ভবনগুলোর একটি চারতলা, অন্য দুটি তিনতলা। দীর্ঘদিন অসমাপ্ত অবস্থায় থাকায় জানালার গ্রিলগুলোতে মরচে ধরেছে৷ দেয়ালে েশওলা ও আগাছা জন্মেছে৷
কথা হয় চিকিৎসা নিতে আসা উপজেলার সিরাজপুর গ্রামের ফখরুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, হাসপাতালের চিকিৎসক-নার্সরা বেশিরভাগই হাসপাতাল চত্বরের বাইরে বাসা ভাড়া করে থাকেন। এতে অনেক সময় জরুরি চিকিৎসাসেবা নিতে রোগীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনোয়ারুল আজিম প্রথম আলোকে বলেন, এ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রধান সমস্যা চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক সমস্যা। ২০০৮ সাল থেকে তিনটি আবাসিক ভবনের নির্মাণকাজ অসমাপ্ত পড়ে আছে।
স্বাস্থ্য চিকিৎসা প্রকৌশল অধিদপ্তরের নোয়াখালী কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০৬ সালের ১৫ মার্চ আজাদ কনস্ট্রাকশনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণকাজের কার্যাদেশ দেওয়া হয়। প্রতিষ্ঠানটি প্রায় ৭৯ ভাগ কাজ করে ২০০৮ সালের শুরুতে চলে যায়। এরপর দাপ্তরিকভাবে অনেকবার যোগাযোগ করেও তাঁদের কাজে ফেরানো যায়নি। এতে প্রকল্পের হাসপাতাল অংশের কাজ শেষ হলেও চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক ভবনগুলোর কাজ ঝুলে থাকে। উদ্ভূত পরিস্থিতিতে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়েরসহ প্রতিষ্ঠানটিকে কালো তালিকাভুক্ত করা হয়।
কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. সেকান্দর আলী বলেন, আগের ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে প্রকল্পের অসমাপ্ত কাজের প্রাক্কলন তৈরি করে সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হয়েছে। শিগগিরই অসমাপ্ত কাজের জন্য নতুন করে দরপত্র আহ্বান করা হবে৷