আবাসিক সংযোগ থেকে সেচপাম্প চালানোর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবাসিক সংযোগ থেকে সেচপাম্প চালানোর দাবিতে গতকাল রোববার ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর ঈশ্বরগঞ্জ উপ-আঞ্চলিক (সাব জোনাল) কার্যালয়ের সামনে বিক্ষোভ হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক কৃষক সেখানে উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্র ও কয়েকজন কৃষকের সঙ্গে কথা বলে জানা যায়, নিয়ম অনুযায়ী একটি সংযোগ থেকে চুক্তির বেশি বিদ্যুৎ (লোড) ব্যবহার করলে গ্রাহকের বিরুদ্ধে মামলা ও জরিমানা করতে পারে সমিতি। বোরো মৌসুমে আবাসিক সংযোগ থেকে সেচপাম্প চালানোর সুযোগ দিতে দুই সপ্তাহ ধরে কৃষকদের কাছ থেকে আবেদন জমা নিচ্ছে ঈশ্বরগঞ্জ উপ-আঞ্চলিক কার্যালয়। এক হাজার টাকা জমা দিয়ে কৃষকেরা এই আবেদন করেছেন। তবে এ বিষয়ে এখনো সিদ্ধান্তের কথা জানানো হয়নি। ধানখেতে সেচের জন্য দ্রুত পদক্ষেপ সম্পর্কে জানতে চান কৃষক।
গতকাল সকালে গিয়ে দেখা যায়, ওই কার্যালয়ের সামনে কয়েক শ কৃষকের ভিড়। ভিড় সামলাতে একপর্যায়ে ফটকে তালা ঝুলিয়ে দেন সমিতির লোকজন। এ সময় কৃষকেরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা সেচপাম্প চালানোর দাবিতে স্লোগান দিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে সেখানে উপস্থিত হন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. রফিকুল ইসলাম। তিনি কৃষকদের শান্ত করার চেষ্টা করেন। পরে তিনি বলেন, ‘সহজ উপায়ে সেচপাম্প চালাতে পারলে ক্ষুদ্র কৃষকেরা উপকৃত হবেন। তাঁদের এ সুযোগ দেওয়া উচিত।’
এ বিষয়ে তাঁর বক্তব্য জানতে কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) গোলজার হোসেনের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি।